সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন লাগার খবর পেয়ে মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোন করেছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তবে তাঁদের কাউকেই ফোনে পাননি তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে এ তথ্য জানান ডেপুটি স্পিকার। সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্যের জবাবে তিনি এ কথা বলেন।
কায়সার কামাল বলেন, ‘গতকাল রাতে যখন দুঃখজনক ঘটনাটি ঘটে, তখন রাত ১টা ২০ বা ২৫ মিনিট হবে। আমাদেরই একজন সহকর্মী ফোন করেছিলেন। তাঁর ফোন পেয়ে সঙ্গে সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন দিই। তাঁকে পাইনি। এরপর আইনমন্ত্রীকে ফোন দিই। তাঁকেও পাইনি। তখন মধ্যরাত ২টা। এরপর জ্বালানি প্রতিমন্ত্রীকে ফোন দিই। তাঁকেও পাইনি।’
ডেপুটি স্পিকার আরও বলেন, ‘যখন একজন সংসদ সদস্যের বাড়িতে বা কোথাও কোনো ঘটনা ঘটে, ইট অ্যাফেক্টস এভরিওয়ান অব আস (এটি আমাদের সবার ওপর প্রভাব ফেলে)।’
নাহিদ ইসলামকে উদ্দেশ করে তিনি বলেন, সংসদে কথা বলার সুযোগ দেওয়া হয়েছে এবং স্বরাষ্ট্রমন্ত্রী তাৎক্ষণিকভাবে জানিয়েছেন, এ ঘটনায় তদন্ত চলছে। তাই তদন্ত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করা উচিত। এরপর অপরাধীদের বিচারের আওতায় আনার বিষয়টি নিশ্চিত করতে হবে।
কায়সার কামাল বলেন, ‘রিপোর্ট, জিডির পরিপ্রেক্ষিতে মামলা দায়ের হবে, তদন্ত হবে, সেই মামলা পরিচালিত হবে। যদি মহান জাতীয় সংসদে কোনো সিদ্ধান্ত হয়ে থাকে, এখানে উপস্থাপনের জন্য, তখনই কেবল উপস্থাপন করা হবে।’
এর আগে বুধবার রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় পেট্রোলবোমা হামলার অভিযোগ করেন এনসিপির নেতারা।
এদিকে সংসদ সদস্য, জুলাই গণ-অভ্যুত্থানের নেতা এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতা-কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার জাতীয় সংসদে তিনি বলেন, ‘এই সরকার কি কোনো ধরনের নিরাপত্তা দেবে? তারা দিতে না পারলে সেটা আমাদের জানিয়ে দিক।’
নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ তুলে নাহিদ ইসলাম বলেন, ‘যদি আমাদের মানবাধিকার না থাকে এবং শত্রুর মানবাধিকার নিয়ে এই সরকারের বেশি কনসার্ন থাকে, তাহলে আমাদেরকে আমাদের পথ দেখতে হবে।’
আক্রমণের লক্ষ্য কারা, তা স্পষ্ট করে সরকারের উদ্দেশে তিনি আরও বলেন, ‘আমরা যদি প্রথম টার্গেট হই, দ্বিতীয় টার্গেট কিন্তু উনারাও (বিএনপি) হবেন। আমাদের পরিবার আক্রান্ত হলে উনাদের পরিবারও কিন্তু আক্রান্ত হবে ফ্যাসিবাদী শক্তির দ্বারা। তারা এতটাই
নৃশংস।’
Leave a comment