ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় কয়েকটি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
আজ বুধবার (১১ নভেম্বর) সকাল সাতটার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা গ্রামে এ সংঘর্ষ শুরু হয়। প্রায় দুই ঘণ্টা ধরে চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। আহত ব্যক্তিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইছাপুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনাম খাঁর সঙ্গে একই গ্রামের বাসিন্দা আক্তার হোসেনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে বুধবার সকালে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। এ সময় উভয় পক্ষের লোকজন কয়েকটি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান উল্লাহ জানান, এনাম খাঁ ও আক্তার হোসেন সম্পর্কে নিকটাত্মীয়। বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের মধ্যে বিরোধ চলছিল। এর জেরেই সংঘর্ষের ঘটনা ঘটেছে।
ওসি আরও জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Leave a comment