কুমিল্লার বুড়িচংয়ে বাড়িতে সারের গুদাম দেখিয়ে যুবলীগ নেতা নজরুল ইসলাম সারের ডিলারশিপ পেয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিএনপির ত্যাগী ও তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের অভিযোগ, দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করেও তাঁরা ডিলারশিপ পাননি। অথচ যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত একজন ব্যক্তি ডিলারশিপ পাওয়ায় তাঁরা বিস্মিত হয়েছেন। তাঁদের দাবি, নজরুল ইসলামের ডিলারশিপ বাতিল করে আবেদনকারী ত্যাগী বিএনপি নেতাকর্মীদের মধ্য থেকে যোগ্য কাউকে এ দায়িত্ব দেওয়া হোক।
স্থানীয়দের ভাষ্য, ডিলারশিপের আবেদনে নজরুল ইসলাম যে গুদামের ঠিকানা দিয়েছেন, সেটি প্রত্যন্ত এলাকায় অবস্থিত। সেখানে যানবাহন চলাচলও কঠিন। ডিলারশিপ পাওয়ার পর গুদাম সম্প্রসারণের কাজ শুরু হয়েছে বলেও তাঁরা জানান। তাঁদের প্রশ্ন, গুদামটি কীভাবে পরিদর্শন ও অনুমোদন করা হয়েছে।
এ বিষয়ে বুড়িচং উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি অ্যাডভোকেট শরিফুল ইসলাম বলেন, ‘যে ছেলেটি সারের ডিলারশিপ পেয়েছে, তার সঙ্গে সাবেক আওয়ামী লীগ এমপি হাসেম খানের ছবি দেখেছি। তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত।’
বুড়িচং উপজেলা কৃষি কর্মকর্তা আফরিনা আক্তার বলেন, ‘আমাদের কৃষি মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে সারের ডিলারশিপ বর্তমানে স্থগিত করা হয়েছে।’
Leave a comment