সিলেট থেকে ট্রেনে ভ্রমণের ক্ষেত্রে টিকিটের নামের সঙ্গে যাত্রীর জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নামের মিল থাকা বাধ্যতামূলক করা হচ্ছে। আগামী ১২ অক্টোবর থেকে এ নিয়ম কার্যকরের ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। টিকিটের নাম ও এনআইডির নামের মিল না থাকলে যাত্রীকে ট্রেনে ভ্রমণ করতে দেওয়া হবে না।
টিকিট কালোবাজারি ও জালিয়াতি রোধে গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে সিলেট রেলওয়ে স্টেশনে চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে বিশেষ অভিযান চালায় জেলা প্রশাসন। অভিযান শেষে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন এ ঘোষণা দেন।
জেলা প্রশাসক জানান, অভিযানে অনলাইনে কেনা কয়েকটি টিকিটের নামের সঙ্গে যাত্রীদের পরিচয়পত্রের তথ্যের মিল পাওয়া যায়নি। এ কারণে যাত্রীদের নিয়মটি মেনে চলার জন্য কয়েক দিন সময় দেওয়া হয়েছে। ১২ অক্টোবর থেকে নিয়মিতভাবে স্টেশনে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে তদারকি করা হবে।
জেলা প্রশাসন জানিয়েছে, সাধারণ যাত্রীদের ভোগান্তি কমানো এবং টিকিট কালোবাজারিমুক্ত করতে এ নজরদারি অব্যাহত থাকবে।
সিলেটে ট্রেনের টিকিট সংকট ও কালোবাজারির অভিযোগ দীর্ঘদিনের। অনলাইনে টিকিট বিক্রি শুরুর কয়েক মিনিটের মধ্যেই অধিকাংশ টিকিট শেষ হয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। পরে এসব টিকিট বেশি দামে বিক্রির অভিযোগও করেছেন যাত্রীরা।
এ পরিস্থিতিতে ট্রেনের টিকিট কালোবাজারি ও মজুদদারির অভিযোগে সম্প্রতি স্বপ্রণোদিত হয়ে মামলা করেন সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল নোমান। মামলাটি তদন্ত করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
মামলার নথিতে বলা হয়েছে, একটি চক্র রেলের টিকিট বিক্রির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের কারও কারও সহযোগিতায় অল্প সময়ে টিকিট সংগ্রহ করে পরে বেশি দামে বিক্রি করে থাকতে পারে। তবে অভিযোগগুলোর সত্যতা তদন্তের মাধ্যমে নির্ধারিত হবে।
সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক নুরুল ইসলাম বলেন, রেলের টিকিট অনলাইনে এবং কিছু ক্ষেত্রে কাউন্টার থেকে বিক্রি হয়। টিকিট বিক্রির প্রক্রিয়ায় স্টেশন কর্তৃপক্ষের সরাসরি কোনো ভূমিকা নেই বলে জানান তিনি।
Leave a comment