৯৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে (অস্কার) ‘আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র’ বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা ‘রইদ’। রোববার ঢাকায় আয়োজিত এক জমকালো সংবাদ সম্মেলনের মাধ্যমে সিনেমাটিকে বাংলাদেশের অফিসিয়াল এন্ট্রি হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের উদ্যোগে গঠিত অস্কার বাংলাদেশ কমিটি অস্কারের মঞ্চে সিনেমাটির অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পদ্মা হলে অস্কার বাংলাদেশ কমিটির চেয়ারম্যান এবং বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের সভাপতি ড. মোহাম্মদ জহিরুল ইসলাম কচি এই নাম ঘোষণা করেন।
অস্কারে পাঠানোর জন্য প্রাথমিকভাবে পাঁচটি বাংলা সিনেমা জমা পড়েছিল। এগুলো হলো—রেদোয়ান রনির ‘দম’, মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, নূরুল আলম আতিকের ‘মানুষের বাগান’, মোহাম্মদ তৌকীর ইসলামের ‘দেলুপি’ এবং মনিরুল আকাশ হকের ‘দ্য ইউনিভার্সিটি অব চানঁখারপুল’।
বাছাই প্রক্রিয়ার শুরুতে নূরুল আলম আতিক পরিচালিত ‘মানুষের বাগান’ সিনেমাটি স্বেচ্ছায় প্রতিযোগিতা থেকে নিজেদের সরিয়ে নেয়। পরবর্তীতে বাকি চারটি সিনেমা দীর্ঘ ও নিবিড় পর্যালোচনা শেষে ছয় সদস্যের নির্বাচন কমিটি সর্বসম্মতভাবে ‘রইদ’ সিনেমাটিকে অস্কারের জন্য চূড়ান্ত করে। উক্ত কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন সাজ্জাদ শরিফ, শাহীন দিল-রিয়াজ, রাশেদ জামান, সাইয়্যিদ শাহজাদা আল কারীম ও শাহরীন আক্তার সুমি। অস্কারে বাংলাদেশ থেকে সিনেমা জমার শেষ দিন ছিল গত ১৬ সেপ্টেম্বর।
Leave a comment