প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় আসবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, পর্যায়ক্রমে দেশের চার কোটি পরিবারকে এ কার্ডের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মীর শাহে আলম বলেন, ফ্যামিলি কার্ড সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প। পর্যায়ক্রমে চার কোটি পরিবারকে এ কার্ড দেওয়া হবে। এ কার্ড পেতে কাউকে ঘুষ দিতে হবে না। প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন বলে জানান তিনি।
বাঁশখালীর বন্যা পরিস্থিতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, আকস্মিক ভারী বৃষ্টিপাত ও বন্যায় বাঁশখালী, চন্দনাইশ ও সাতকানিয়ার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন ও সরকার সর্বোচ্চ চেষ্টা করেছে। সরকারি সহায়তায় কোনো ত্রুটি হয়ে থাকলে তিনি সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দুঃখ প্রকাশ করেন।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘে ভাষণ দেওয়ার প্রসঙ্গও তুলে ধরেন মীর শাহে আলম। তিনি বলেন, তারেক রহমানের বাবা ও মা জাতিসংঘে বাংলাদেশের পক্ষে ভাষণ দিয়েছেন। এখন তারেক রহমানও জাতিসংঘে ভাষণ দেবেন। এটিকে তিনি ঐতিহাসিক ঘটনা হিসেবে উল্লেখ করেন।
অনুষ্ঠানে চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হক, চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহাবুবের রহমান শামীমসহ বিএনপির স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
Leave a comment