ভারতের মহারাষ্ট্রের নাসিক জেলায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব নিয়ে অভিনব প্রতিবাদ করেছেন শিবসেনা (ইউবিটি) যুবসেনার নেতাকর্মীরা। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) নিফাদ নগর পঞ্চায়েতের প্রধান কর্মকর্তা ধীরাজ ভামরের কার্যালয়ে ঢুকে তাঁর টেবিলের ওপর বেওয়ারিশ কুকুর ছেড়ে দেন তাঁরা।
যুবসেনার নেতাকর্মীদের অভিযোগ, এলাকায় বেওয়ারিশ কুকুরের সংখ্যা বাড়লেও সমস্যা সমাধানে প্রশাসন কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। এ প্রতিবাদের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, যুবসেনার নেতাকর্মীরা একটি বস্তা থেকে একটি কুকুর বের করে কর্মকর্তার টেবিলের ওপর ছেড়ে দেন। আকস্মিক ঘটনায় ধীরাজ ভামরে চেয়ার থেকে সরে যান। পরে আবার চেয়ারে ফিরে আসেন। কিছুক্ষণ পর বস্তা থেকে আরও একটি কুকুর বের করে দেওয়া হয়। কুকুরটি টেবিলের ওপর দিয়ে হেঁটে অফিসের এক কোণে গিয়ে বসে পড়ে।
যুবসেনা নেতা রনধাভে বলেন, গত ছয় মাস ধরে বেওয়ারিশ কুকুরের সমস্যা নিয়ে প্রধান কর্মকর্তাকে একাধিকবার জানানো হয়েছে। তাঁর দাবি, এর মধ্যে একটি শিশু কুকুরের কামড়ের শিকার হয়েছে। এ ছাড়া অনেক মানুষ ও নারীকে কুকুর তাড়া করেছে।
রনধাভের দাবি, এলাকার পরিস্থিতির ছবি ও বিভিন্ন তথ্য দিয়ে একাধিকবার বিষয়টি কর্মকর্তাকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ কারণে প্রতিবাদের অংশ হিসেবে চারটি কুকুর নিয়ে গিয়ে কর্মকর্তার কার্যালয়ে ছেড়ে দেওয়া হয়।
তিনি আরও অভিযোগ করেন, প্রধান কর্মকর্তা বিভিন্ন টেন্ডারের কাজ নিয়ে ব্যস্ত থাকায় বেওয়ারিশ কুকুরের সমস্যাটি গুরুত্ব পাচ্ছে না। প্রতিবাদের সময় নেতাকর্মীরা নোটের মালা নিয়ে গিয়েছিলেন এবং তা কর্মকর্তার টেবিলে রাখা হয় বলেও জানান তিনি।
রনধাভে এটিকে ‘শেষ সতর্কবার্তা’ উল্লেখ করে বলেন, আগামী আট দিনের মধ্যে ব্যবস্থা নেওয়া না হলে আবারও কর্মকর্তার কার্যালয়ে কুকুর ছেড়ে দেওয়া হবে।
Leave a comment