সাকিব,ঈশ্বরগঞ্জ
‘পরিচ্ছন্নতার অভ্যাস করি, প্রাণবন্ত ক্যাম্পাস গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচার ও পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে উপজেলা ও কলেজ ছাত্রদল।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়।
অভিযানে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি শিক্ষার্থী ও ক্যাম্পাসসংশ্লিষ্টদের ডেঙ্গু প্রতিরোধে সচেতন করতে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়।
ছাত্রদল নেতারা বলেন, পরিচ্ছন্ন পরিবেশ শিক্ষার্থীদের সুস্থ ও নিরাপদ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে বর্ষা মৌসুমে জমে থাকা পানিতে এডিস মশার বংশবিস্তার হতে পারে। তাই ক্যাম্পাসে কোথাও যেন পানি ও ময়লা-আবর্জনা জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।
তারা আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়। শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীসহ সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ে তুলতে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি সচেতনতা বাড়ানো প্রয়োজন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রনি রহমান ও রাফসান আহমেদ রোমান, ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রেদোয়ান হাসান, সাংগঠনিক সম্পাদক তাইফুল ইসলাম শাওন, ছাত্রনেতা নোমান আল নওশাদ, নূর আলম, জুনায়েদ হাসান, সাকিব, রাফিসহ কলেজের সাধারণ শিক্ষার্থীরা।
কর্মসূচিতে অংশ নেওয়া সাধারণ শিক্ষার্থীরা নিয়মিতভাবে এ ধরনের পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা জানান।
Leave a comment