ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট
ডেঙ্গুর বিস্তার রোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাগেরহাটে তিন মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেনসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে বাগেরহাটে এ কর্মসূচি নেওয়া হয়েছে। আগামী তিন মাস জেলার প্রতিটি উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে।
কর্মসূচির আওতায় এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।
জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিস-আদালত ও নির্মাণাধীন ভবনের আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে বাসাবাড়ি, ফুলের টব ও পরিত্যক্ত পাত্রে পানি জমে না থাকে, সে বিষয়ে নাগরিকদের সতর্ক থাকতে বলা হয়েছে।
কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, স্কাউট ও সামাজিক সংগঠনের সদস্যদের সম্পৃক্ত করে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও উঠান বৈঠক করার পরিকল্পনা রয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম শুধু মৌসুমি উদ্যোগ হিসেবে সীমাবদ্ধ না রেখে নিয়মিতভাবে চালিয়ে যাওয়া প্রয়োজন। পাশাপাশি কার্যক্রমের ধারাবাহিকতা ও নিয়মিত মনিটরিং নিশ্চিত করা গেলে ডেঙ্গুর ঝুঁকি কমানো সম্ভব হবে।
Leave a comment