ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিনে এক নারীকে ধর্ষণের অভিযোগের ঘটনায় দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তাদের পাকশী রেলওয়ে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দীন। তিনি বলেন, ঘটনার সময় ট্রেনে দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অধিকতর তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৩০ আগস্ট চলন্ত কুড়িগ্রাম এক্সপ্রেসের ক্যান্টিনে ৪৪ বছর বয়সী এক নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে। অভিযোগ অনুযায়ী, আবু বক্কর সিদ্দিকসহ কয়েকজন ওই নারীকে ক্যান্টিনে নিয়ে যান। পরে তার চিৎকার শুনে অন্য যাত্রীরা এগিয়ে এসে আবু বক্কর সিদ্দিককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মামলায় পাঁচজনকে আসামি করা হয়েছে, যাদের মধ্যে দুই পুলিশ সদস্য রয়েছেন। আবু বক্কর সিদ্দিককে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে অন্য অভিযুক্তদের সম্পৃক্ততা ও অভিযোগের সত্যতা তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a comment