ফেসবুকে রাজনৈতিক মন্তব্যের জেরে সমালোচকদের অশালীন ভাষায় গালিগালাজ ও ‘ধরে আনার’ হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য ও স্থানীয় সরকারমন্ত্রী মোবাশ্বের আলম ভূঁইয়ার বিরুদ্ধে। তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে সাধারণ নাগরিকদের উদ্দেশে এমন ভাষা ব্যবহারের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার জন্ম দিয়েছে।
ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে। মোবাশ্বের আলম ভূঁইয়া তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, ‘হায়রে অপরাজনীতি, মিছিল করল আওয়ামী লীগ, খুশি হলো গফুর লীগ, ব্যর্থ হলো এমপি, বিচার করবে জনগণ।’
পোস্টটির নিচে সৌরভ হোসেন সরওয়ার নামে একজন মন্তব্য করেন, ‘মাননীয় এমপি মহোদয়, স্থানীয় সরকার নির্বাচনের সময় বোঝা যাবে যে আপনার সমন্বয়কেরা কতটুকু বিএনপিকে সুসংগঠিত করেছে।’ এর জবাবে এমপির অ্যাকাউন্ট থেকে কুরুচিপূর্ণ ভাষায় লেখা হয়, ‘তোকে হিসাব করার জন্য কে দায়িত্ব দিছে?’
একই পোস্টে আলাউদ্দিন নাহিদ নামে আরেক ব্যক্তি মন্তব্য করেন, ‘ছেলেকে প্রতিষ্ঠিত করে দিল বাপে, এখন ছেলে প্রতিষ্ঠিত হওয়ার পরে বাপকে বলে আপনার কী অবদান আমার পেছনে! বিষয়টা এরকম হয়ে গেল না? আপনি একজন বর্তমান এমপি, আমরা আপনাকে সম্মান করি। নিজের সম্মান ধরে রাখতে শিখুন, এখনো সময় আছে।’
এর জবাবে সংসদ সদস্য লেখেন, ‘তোকে কানে আর গালে মারমু।’
একজন সংসদ সদস্যের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে এমন ভাষা ব্যবহারের বিষয়টি ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়।
এ বিষয়ে গণমাধ্যমের পক্ষ থেকে যোগাযোগ করা হলে মোবাশ্বের আলম ভূঁইয়া তাঁর বক্তব্যের পক্ষে অবস্থান নেন। তিনি বলেন, ‘আমি যা লিখেছি, সত্য লিখেছি। তাকে (সৌরভ) খোঁজা হচ্ছে ধরার জন্য। এটি কোনো এডিট করা স্ক্রিনশট নয়, আমি যা বলেছি সত্য বলেছি।’
নিজের ব্যবহৃত ভাষার বিষয়ে তিনি বলেন, ‘হ্যাঁ, আমি গালি দিয়েছি। তার বিরুদ্ধে ১৪৪ ধারা জারি করেছি, পেলে ধরে নিয়ে আসব। বিএনপির ঘরানার লোক হয়ে আমাকে বেইজ্জতি করলে আমি কি তাকে “আই লাভ ইউ” বলব? সোজাসাপটা হিসাব।’
এমপি আরও দাবি করেন, ঘটনাটি যে এলাকায় ঘটেছে, সেটি আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা। সেখানে নিজ দলের লোকজনের এমন আচরণ তিনি মেনে নেবেন না।
তবে একজন জনপ্রতিনিধির পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন অশালীন ভাষা ব্যবহার ও সরাসরি ‘ধরে আনার’ হুমকিকে শিষ্টাচারবহির্ভূত বলে মন্তব্য করেছেন সচেতন নাগরিকদের অনেকে।
Leave a comment