ডারউইন টেস্টে দুর্দান্ত বোলিংয়ের পর ব্যাট হাতেও অস্ট্রেলিয়াকে চাপে রেখেছে বাংলাদেশ। অসাধারণ এক সেঞ্চুরি করেছেন বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান তামিম। অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের মাটিতে টেস্ট সেঞ্চুরি করা প্রথম বাংলাদেশি ব্যাটার তিনি।
ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় টেস্টে পাওয়া এই সেঞ্চুরিকে বিশেষ অর্জন হিসেবে দেখছেন তানজিদ তামিম। তবে ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের প্রয়োজনকে বেশি গুরুত্ব দিয়েই ব্যাটিংয়ের ধরন বদলেছিলেন বলে জানিয়েছেন তিনি।
ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টেই প্রথম সেঞ্চুরির দেখা পাওয়ার পর অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্টকে দেওয়া প্রতিক্রিয়ায় তানজিদ বলেন, ‘প্রথমেই আলহামদুলিল্লাহ। এখানে খেলতে পারাটা দারুণ একটি সুযোগ। আমার জন্য এটি খুবই বিশেষ, কারণ এখানে এটাই আমার প্রথমবার এবং এটি আমার ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় টেস্ট। এর মধ্যেই সেঞ্চুরি করতে পারাটা সত্যিই বিশেষ।’
দলের প্রয়োজন অনুযায়ী ব্যাটিংয়ের ধরন বদলানোর বিষয়ে তিনি বলেন, ‘দল আমার কাছে যেটা চেয়েছে, আমি সেভাবেই খেলার চেষ্টা করেছি। উইকেটও ভালো ছিল। তারা আমাকে বিভিন্নভাবে আক্রমণ করেছে। আমি স্বাভাবিক ক্রিকেট খেলার চেষ্টা করেছি এবং নিজেকে শান্ত রেখেছি।’
ব্যক্তিগত সেঞ্চুরির আনন্দের চেয়ে এখন দলের দিকেই বেশি মনোযোগ তানজিদের। ডারউইন টেস্টে বাংলাদেশের ভালো সম্ভাবনা দেখছেন তিনি। তাঁর মতে, বাকি সেশনগুলোতে দল নিজেদের পরিকল্পনা অনুযায়ী ভালো ক্রিকেট খেলতে পারলে ম্যাচে বড় কিছু অর্জন করা সম্ভব।
Leave a comment