গোপালগঞ্জের মুকসুদপুরে ট্রাকের ধাক্কায় রেজাউল আলম (৪৫) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার দিগনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রেজাউল আলম মুকসুদপুর উপজেলার বড় বনগ্রাম গ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে।
ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আজাদুর রহমান জানান, রেজাউল আলম মোটরসাইকেলে করে মুকসুদপুর থেকে টেকেরহাটের দিকে যাচ্ছিলেন। দিগনগর এলাকায় পৌঁছালে একটি দ্রুতগতির ট্রাক তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় চাপা পড়েন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। আইনিপ্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a comment