নাটোরের গুরুদাসপুরে গরুবাহী নসিমন ও বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত চারজন।
আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলার নয়াবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন বড়াইগ্রাম পৌরসভার লক্ষীকোল মহল্লার আব্দুর রহমান (৭০), ধামানিয়াপাড়া মহল্লার আক্কাস আলী (৫৮) ও তাঁর ছোট ভাই জাহাঙ্গীর হোসেন (৪৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঢাকা থেকে রাজশাহীগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা গরুবাহী নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের চাকার নিচে চাপা পড়ে আব্দুর রহমানের মৃত্যু হয়। দুর্ঘটনায় কয়েকটি গরুও মারা যায়।
দুর্ঘটনায় গুরুতর আহত চারজনকে স্থানীয় লোকজন উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আক্কাস আলীর মৃত্যু হয়।
অন্য আহতদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে জাহাঙ্গীর হোসেনের মৃত্যু হয়।
Leave a comment