বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচিত ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের নিয়ে বিশেষ বৈঠক করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। বৈঠকে দলীয় শৃঙ্খলা, নৈতিকতা ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়।
রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়-সংলগ্ন আল ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত তিন ঘণ্টাব্যাপী বৈঠকে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরাও উপস্থিত ছিলেন।
দলীয় সূত্র জানায়, বৈঠকে সংসদ সদস্যদের নৈতিক মান বজায় রাখা, দলীয় গঠনতন্ত্র অনুসরণ এবং আর্থিক বা অন্য কোনো প্রলোভন থেকে দূরে থাকার নির্দেশ দেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, নৈতিকতার প্রশ্নে কোনো সংসদ সদস্য বিশেষ ছাড় পাবেন না।
বৈঠকে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে নেতাদের কর্মকাণ্ড নিয়েও আলোচনা হয়। দলীয় নেতাদের বিরুদ্ধে অভিযোগ উঠলে ব্যক্তিগত আচরণ, আর্থিক লেনদেন ও সাংগঠনিক কর্মকাণ্ডে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের তাগিদ দেওয়া হয়।
এ ছাড়া সংসদ সদস্যদের ব্যক্তিগত সহকারী, চালক ও পিয়নসহ ঘনিষ্ঠ সহযোগীদের বিস্তারিত তথ্য কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। পর্যাপ্ত তথ্য ছাড়া সংসদ, গণমাধ্যম বা দলীয় কর্মসূচিতে বক্তব্য না দেওয়ারও পরামর্শ দেওয়া হয়।
বৈঠকে সংসদীয় কার্যপ্রণালি, আইন প্রণয়ন এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা বাড়ানোর পাশাপাশি জনগণের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে তাদের সমস্যা সংসদে তুলে ধরার আহ্বান জানানো হয়।
Leave a comment