জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদে নিয়োগের মৌখিক পরীক্ষা দিতে এসে চার ভুয়া পরীক্ষার্থী আটক হয়েছেন। বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত মৌখিক পরীক্ষার সময় তাঁদের আটক করে শাহবাগ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অফিস সহায়ক পদে নিয়োগের জন্য গত ১৯ জুন লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ১০৭ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। ২৪, ২৫ ও ২৮ জুন তাঁদের ভাইভা নেওয়ার সূচি নির্ধারণ করা হয়।
বৃহস্পতিবারের মৌখিক পরীক্ষায় নির্ধারিত ৩৬ জন প্রার্থীর মধ্যে ৩০ জন অংশ নেন। এ সময় চারজনকে আটক করা হয়। তাঁরা হলেন মো. মোমিনুল ইসলাম মৃদুল, মো. সোহেল রানা, মো. রোমান ও মামুন মিয়া।
মন্ত্রণালয় সূত্র জানায়, মৌখিক পরীক্ষার সময় তাঁদের পারফরম্যান্স ও লিখিত পরীক্ষার উত্তরপত্রের হাতের লেখার মধ্যে অসংগতি ধরা পড়ে। পরে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হলে তাঁরা স্বীকার করেন, লিখিত পরীক্ষায় নিজেরা অংশ না নিয়ে অন্য ব্যক্তির মাধ্যমে প্রক্সি পরীক্ষার্থী ব্যবহার করে উত্তীর্ণ হয়েছেন।
লিখিত স্বীকারোক্তি নেওয়ার পর তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শাহবাগ থানায় সোপর্দ করা হয়।
Leave a comment