মো. গোলাম কিবরিয়া, রাজশাহী
রাজশাহী নগরের সাহেববাজার এলাকায় প্রতিদিনই দেখা মেলে ভ্যানভর্তি স্যান্ডেল নিয়ে ঘুরে বেড়ানো হাসেমকে। রোদ, বৃষ্টি কিংবা কষ্ট—কোনো কিছুই তাঁর জীবিকার পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি।
হাসেম রাজশাহীর বিনোদনপুর এলাকায় পরিবার নিয়ে থাকেন। রাস্তায় ভ্যান চালিয়ে বিভিন্ন ধরনের স্যান্ডেল বিক্রি করেই চলে তাঁর সংসার ও সন্তানদের পড়াশোনার খরচ।
প্রতিদিন সকালে ছোট-বড় নানা ধরনের স্যান্ডেল ভ্যানে সাজিয়ে তিনি বেরিয়ে পড়েন শহরের বাজার ও গলিতে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পায়ে হেঁটে ঘুরে ঘুরে ক্রেতার খোঁজ করেন তিনি। অনেক সময় ঘণ্টার পর ঘণ্টা চেষ্টা করেও খুব বেশি বিক্রি হয় না।
এই কাজের আয় খুবই সীমিত বলে জানান হাসেম। এতে কোনোভাবে পরিবারের দৈনন্দিন খরচ চালানো গেলেও তা দিয়ে সঞ্চয় করা কঠিন হয়ে পড়ে।
তবু থেমে যান না তিনি। প্রচণ্ড রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে বাজারের এক গলি থেকে আরেক গলিতে ছুটে চলেন। ক্লান্ত শরীর নিয়েও ক্রেতার সঙ্গে হাসিমুখে দরদাম করেন—এটাই তাঁর জীবিকার সংগ্রাম।
দিন শেষে এই সামান্য আয়ের মধ্যেই লুকিয়ে থাকে তাঁর পরিবার ও সন্তানদের মুখে হাসি ফোটানোর স্বপ্ন।
Leave a comment