মো: গোলাম কিবরিয়া, রাজশাহী
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় রাজিব পরিবহনের এক বাসচালককে মারধর এবং এর জের ধরে এক ছাত্রদল কর্মীকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। এই ঘটনার প্রতিবাদ ও দোষীদের বিচারের দাবিতে রবিবার (৭ জুন) সন্ধ্যা ৭টা থেকে মাদারগঞ্জ হতে ঢাকাগামী সব ধরনের বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছেন পরিবহন শ্রমিকরা। আকস্মিক বাস ধর্মঘটের কারণে শত শত ঢাকাগামী যাত্রী চরম ও অসহনীয় দুর্ভোগের মধ্যে পড়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যায় ঢাকাগামী রাজিব পরিবহনের একটি বাস জোড়খালী এনপুর বাজারে পৌঁছালে পূর্ববিরোধের জেরে বাসচালক মমিনুল ইসলামকে চড়থাপ্পড় মারেন কাউন্টার মাস্টার শফিকুল ও রহমতুল্লাহ। একই সাথে তারা মাদারগঞ্জ থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ করে দেন। এ সময় উপজেলা ছাত্রদল কর্মী বিজয় আহমেদ এগিয়ে এসে সাধারণ যাত্রীদের সুবিধার্থে ঢাকার উদ্দেশ্যে বাস ছেড়ে দেওয়ার অনুরোধ জানান। এই নিয়ে সেখানে উপস্থিত গুনারীতলা ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক সোহেল রানার সাথে বিজয়ের তীব্র তর্ক-বিতর্ক ও একপর্যায়ে হাতাহাতি হয়। এতে ক্ষিপ্ত হয়ে বিএনপি নেতা সোহেল রানা পাশের একটি হোটেল থেকে দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রদল কর্মী বিজয়কে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পরে স্থানীয়রা মারাত্মক আহত অবস্থায় বিজয়কে উদ্ধার করে প্রথমে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। তবে তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাঁকে জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। এই ঘটনার পরপরই চালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর প্রতিবাদে মাদারগঞ্জ পৌর টার্মিনাল থেকে ঢাকাগামী সকল দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। খবর পেয়ে মাদারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কমল চন্দের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ঘটনার বিষয়ে জানতে চাইলে কাউন্টার মাস্টার শফিকুল বলেন, “শনিবার রাতে নির্ধারিত সময়ে বাস না আসায় যাত্রীদের বিকল্প বাসে পাঠাতে হয়েছিল। এই নিয়ে বাসচালক মমিনুল আমাকে অকথ্য ভাষায় গালাগালি করেন। রবিবার সন্ধ্যায় সেই গালাগালির কারণ জানতে চাইলে তিনি আমাকে ধাক্কা মারেন, যার প্রেক্ষিতে আমি তাঁকে একটি থাপ্পড় দিই।”
অন্যদিকে অভিযুক্ত বিএনপি নেতা সোহেল রানা জানান, “কাউন্টার মাস্টারের সাথে চালকের মারামারির কারণে সড়কে যানজট হচ্ছিল। আমি বাসটি সাইড করতে বললে অনেক জুনিয়র হওয়া সত্ত্বেও ছাত্রদল কর্মী বিজয় আমার সাথে খারাপ ব্যবহার করে এবং আমাকে প্রকাশ্যে থাপ্পড় মারে। এতে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে আমি তাকে কোপাতে বাধ্য হই।”
মাদারগঞ্জ পৌর বাস টার্মিনাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা শ্রমিক দলের সভাপতি আনোয়ার জাহিদ মাখন সংবাদমাধ্যমকে জানান, অনাকাঙ্ক্ষিত এই ঘটনার পর আপাতত ঢাকাগামী বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে প্রশাসনের সাথে আলোচনা সাপেক্ষে অতি দ্রুত সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।
Leave a comment