এমরান হোসেন, জামালপুর
জামালপুরের মেলান্দহ উপজেলায় অজ্ঞাতনামা হিসেবেu উদ্ধার হওয়া এক ব্যক্তির মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আধুনিক প্রযুক্তি ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ডাটাবেজ ব্যবহার করে মরদেহটির পরিচয় নিশ্চিত করা হয়।
শনাক্ত হওয়া ব্যক্তি মো. শাহ জামাল (৪৭)। তিনি মেলান্দহ উপজেলার চরপলিশা গ্রামের মো. হারেজ আলী ও মোছা. ছালেহা বেগমের ছেলে।
মঙ্গলবার (২ জুন) দুপুরে মেলান্দহ থানাধীন হাজরাবাড়ী পৌর এলাকার দাঁতভাঙা ব্রিজ সংলগ্ন একটি মাটির রাস্তার ওপর থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে মরদেহটি অজ্ঞাতনামা হিসেবে উদ্ধার করা হয়। পরে পিবিআই জামালপুরের ক্রাইমসিন টিম ঘটনাস্থলে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে পরিচয় শনাক্তে কাজ শুরু করে। এরপর এনআইডি ডাটাবেজে তথ্য যাচাইয়ের মাধ্যমে মৃত ব্যক্তির পরিচয় নিশ্চিত করা হয়।
স্থানীয়রা জানান, শাহ জামাল দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় এলাকায় ঘোরাফেরা করতেন। ঘটনার দিন সকালেও তাঁকে ওই এলাকায় দেখা গেছে বলে দাবি করেন অনেকে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, প্রথমে মরদেহের পরিচয় জানা যায়নি। পরে পিবিআইয়ের সহায়তায় প্রযুক্তির মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়। মরদেহে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।
Leave a comment