কামরান উদ্দিন নাসিম (সিলেট প্রতিনিধি) | সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ডের মইয়ারচর সি ব্লকে দীর্ঘদিন ধরে ফেলে রাখা ড্রেন নির্মাণ কাজের কারণে কর্তৃপক্ষের অবহেলায় এক শিশু আহত হয়েছে। বর্তমানে সে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
গতকাল মইয়ারচর সি ব্লকের সায়েক আহমদের ছেলে জিসান (৮) বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে খোলা ড্রেনে পড়ে যায়। এ সময় তার গলা ও ঠোঁটে রড ঢুকে গুরুতর আঘাত লাগে। পরে স্থানীয়রা তাকে দ্রুত চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান। চিকিৎসকরা জানান, আঘাতস্থলে বেশ কয়েকটি সেলাই দিতে হয়েছে। বর্তমানে শিশুটির অবস্থা আশঙ্কামুক্ত।
এ ঘটনার পর সি ব্লকের বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ দেখা দিয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের অভিযোগ, মইয়ারচর সি ব্লকে কয়েকশো ফুট দীর্ঘ একটি ড্রেন নির্মাণ কাজ রমজানের আগে শুরু হয়। শুরু থেকেই ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়ম ও ধীরগতির অভিযোগ ওঠে। স্থানীয়রা বিষয়টি সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সাবেক কাউন্সিলরকে একাধিকবার জানালেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
পরবর্তীতে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ ফেলে রেখে চলে যায় বলে অভিযোগ স্থানীয়দের। ফলে ড্রেনের একটি অংশে গার্ডওয়াল ও আরসিসি ঢালাই সম্পন্ন হলেও উপরের অংশ খোলা অবস্থায় রয়ে যায়। কয়েক মাস ধরে এই ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যেই শত শত পরিবার চলাচল করছে।
মইয়ারচর পপুলার যুব সংঘের সাধারণ সম্পাদক খালেদ আহমদ বলেন, “দীর্ঘদিন ধরে ঠিকাদার কাজ ফেলে পালিয়ে গেছে। বারবার কর্তৃপক্ষকে জানানো হলেও এখন পর্যন্ত কোনো সমাধান হয়নি।”
স্থানীয় বাসিন্দা আব্দুল্লাহ আল মারুফ বলেন, “নামাজে যেতে আগে ২ মিনিট লাগত, এখন গ্রাম ঘুরে যেতে প্রায় ১৫ মিনিট লাগে। আমাদের দৈনন্দিন জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।”
স্থানীয়রা দ্রুত ড্রেন নির্মাণ কাজ সম্পন্ন করার পাশাপাশি পালিয়ে যাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঝুঁকিপূর্ণ অবস্থার অবসান ঘটাতে সিটি কর্পোরেশনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
Leave a comment