রানি দ্বিতীয় এলিজাবেথের ১০০তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘কুইন এলিজাবেথ দ্বিতীয় কমনওয়েলথ ট্রাস্ট’ ঘোষণা করেছে ‘কুইনস ইয়ং লিডারস অ্যাওয়ার্ড ২০২৬’।
আজ মঙ্গলবার (২১ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেয় ঢাকার ব্রিটিশ হাইকমিশন।এ বছর বাংলাদেশ থেকে চারজন তরুণ এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি পেয়েছেন। তারা হলেন— ‘ফুটস্টেপস বাংলাদেশ’-এর শাহ রাফায়াত চৌধুরী, ‘টিচ ফর বাংলাদেশ’-এর মুনিয়া ইসলাম মজুমদার, ‘ফার্ম সলিউশন বিডি’-এর ইমরান হামিন এবং ‘ইকো সেন্টিনেলস বাংলাদেশ’-এর মো. রেজওয়ানুল ইসলাম শুভ।
সংস্থাটির তথ্য অনুযায়ী, হাজারো আবেদনকারীর মধ্য থেকে অত্যন্ত প্রতিযোগিতামূলক প্রক্রিয়ার মাধ্যমে তাদের নির্বাচন করা হয়েছে। শিক্ষা, কর্মসংস্থান, পরিবেশ, খাদ্য ও কৃষি, এবং স্বাস্থ্য ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ তারা এই পুরস্কার অর্জন করেন।
পুরস্কারের অংশ হিসেবে নির্বাচিত তরুণরা আগামী কয়েক মাসে বিশেষ প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন এবং বৈশ্বিক নেটওয়ার্কিংয়ের সুযোগ পাবেন, যা তাদের সামাজিক উদ্যোগকে আরও বিস্তৃত ও কার্যকর করতে সহায়তা করবে।
এদিকে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। তিনি বলেন, তাদের কাজ কমনওয়েলথের অন্তর্ভুক্তিমূলক মূল্যবোধ ও উদ্ভাবনের প্রতিফলন।
Leave a comment