রাজধানীর আগারগাঁওয়ের তালতলা এলাকায় ফুটপাতের একটি খাবারের দোকানে ১০০ টাকায় গরুর মাংস ও ভাত বিক্রি হতো। কম দামে খাবার পাওয়ায় দোকানটিতে প্রায়ই ভিড় লেগে থাকত। স্থানীয়দের কাছে দোকানটির মালিক মিজানুর রহমান ‘ভাইরাল মিজান’ নামে পরিচিত হয়ে উঠেছিলেন।
তবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উচ্ছেদ অভিযানে দোকানটি ভেঙে দেওয়া হয়েছে। এর আগে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মিজানুরকে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ১৫ দিনের কারাদণ্ড দেন।
গতকাল সোমবার সরেজমিনে দেখা যায়, তালতলার ফুটপাতে কোনো দোকান নেই। উচ্ছেদ করা দোকানগুলোর ভাঙা কাঠামো, বাঁশ, লাঠি, টিন ও কাঠের বিভিন্ন অংশ পড়ে আছে। যেখানে মানুষ বসে খাবার খেত, সেই জায়গাটি এখন ফাঁকা।
তালতলার ফুটপাতটি পুরাতন বিমানবন্দরের দেয়ালঘেঁষা। সেখানে খাবার, চা ও রিকশা মেরামতের কয়েকটি দোকান ছিল। মিজানুর কবে সেখানে দোকান বসিয়েছিলেন, তা জানা যায়নি। তবে বছরখানেক আগে ১০০ টাকায় গরুর মাংস ও ভাত বিক্রির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তাঁর দোকানটি পরিচিতি পায়। এরপর সেখানে ক্রেতাদের ভিড় বেড়ে যায়।
গ্রেপ্তার যেভাবে
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ফুটপাতের দোকানসহ বিভিন্ন স্থাপনায় অবৈধ বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করতে বিদ্যুৎ বিভাগ অভিযান চালাচ্ছিল। তালতলায় মিজানুরের দোকানের অবৈধ বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করতে বিদ্যুৎ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা সেখানে গেলে মিজানুর তাঁদের ওপর চড়াও হন।
এ ঘটনায় ৯ আগস্ট তাঁকে গ্রেপ্তার করে কাফরুল থানা-পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ১৫ দিনের কারাদণ্ড দেন।
উচ্ছেদ অভিযান
গত রোববার তালতলার ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালায় ডিএনসিসি। অভিযানে নেতৃত্ব দেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।
তিনি প্রথম আলোকে বলেন, ডিএনসিসির নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। প্রতিদিনই নগরের কোথাও না কোথাও এ ধরনের অভিযান চালানো হচ্ছে।
তবে তালতলার ফুটপাত থেকে দোকান উচ্ছেদ হলেও ডিএনসিসির অন্য এলাকায় ফুটপাত দখল করে ব্যবসা চালানোর চিত্র দেখা গেছে। মিরপুর ১০ নম্বরসহ বিভিন্ন এলাকায় ফুটপাত দখল করে গড়ে ওঠা দোকানপাটে মানুষকে ব্যবসা করতে দেখা যায়।
এ ছাড়া তালতলার কাছাকাছি আগারগাঁওয়ের ফুটপাতেও খাবারের দোকান চালু রয়েছে। ফলে তালতলার দোকানিরা প্রশ্ন তুলেছেন, তাঁদের দোকানগুলোতেই কেন উচ্ছেদ অভিযান চালানো হলো।
Leave a comment