ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুলকে অস্ত্র আইনের একটি মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-২৬-এর বিচারক মাহমুদুল মোহসীন এই রায় ঘোষণা করেন।
মামলার নথিসূত্রে জানা যায়, ২০২৪ সালের ৭ নভেম্বর রাজধানীর আদাবর থানাধীন বায়তুল আমান হাউজিং সোসাইটির একটি ফ্ল্যাটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র্যাব-২। ওই অভিযানে ফয়সাল করিমকে আটক করা হয় এবং তার বাসা তল্লাশি করে র্যাবের আভিযানিক দল পাঁচ রাউন্ড গুলিসহ দুটি বিদেশি পিস্তল উদ্ধার করে।
এই ঘটনায় পরদিন ৮ নভেম্বর আদাবর থানায় ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেন র্যাবের হাবিলদার মো. মশিউর রহমান। মামলার তদন্ত শেষে ২০২৫ সালের ২৮ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন আদাবর থানার এসআই জাহিদ হাসান। বিচারিক প্রক্রিয়া চলাকালীন আদালত মোট ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে ফয়সালের বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা পান।
উল্লেখ্য, গত বছরের ১২ ডিসেম্বর ঢাকার বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হন। এর ছয় দিন পর ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ড মামলার প্রধান আসামি হিসেবে ফয়সাল করিম মাসুদকে চিহ্নিত করা হয়েছে।
আইনজীবীরা জানিয়েছেন, বর্তমানে হাদি হত্যা মামলাটি তদন্তাধীন রয়েছে। তবে অবৈধ অস্ত্র রাখার দায়ে ট্রাইব্যুনাল তাকে ১০ বছরের কঠোর কারাদণ্ড প্রদান করেছে । ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী ইসমাইল হোসেন এই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
Leave a comment