সিলেট বিভাগের হবিগঞ্জে ভেজালবিরোধী অভিযানে কাচ্চি ডাইনসহ ছয়টি প্রতিষ্ঠানকে মোট ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার পরিচালিত এ অভিযানে যৌথভাবে অংশ নেয় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ও আদালতের ভ্রাম্যমাণ টিম।
র্যাব জানায়, জেলার হবিগঞ্জ সদর এলাকায় বিভিন্ন দোকান ও রেস্তোরাঁয় অভিযান চালিয়ে ভোক্তা অধিকার আইনে এসব জরিমানা করা হয়। অভিযানে পণ্যের মোড়ক ব্যবহার না করা, মূল্যতালিকা প্রদর্শন না করা, সেবার মূল্য তালিকা সংরক্ষণে অনিয়ম এবং খাদ্যদ্রব্যে নিষিদ্ধ উপাদান ব্যবহারের অভিযোগ পাওয়া যায়।
অভিযানে নোভা সুপারশপের ম্যানেজার কামরুল ইসলামকে পাঁচ হাজার টাকা, গ্র্যান্ড নবাবের মালিক জুয়েল মিয়াকে ৫০ হাজার টাকা, আইজা এন্টারপ্রাইজের মালিক সুমন চৌধুরীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে কাচ্চি ডাইনের ম্যানেজার পারভেজ হোসেনকে ১০ হাজার টাকা, আরেক প্রতিষ্ঠানের ম্যানেজার আশরাফ রহমান রাফিকে পাঁচ হাজার টাকা এবং স্কাই কিং রেস্টুরেন্টের মালিক আমির হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
শনিবার বিকেলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে এবং খাদ্য নিরাপত্তা ও ভোক্তা অধিকার রক্ষায় অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
Leave a comment