রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পুলিশের ভাষ্য, ন্যাম ভবনের একটি কক্ষে ফ্যানের সঙ্গে মরিয়মকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। তবে এটি আত্মহত্যা নাকি মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ডিএমপির তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান ঘটনাস্থলে সাংবাদিকদের জানান, খবর পেয়ে তিনি ও থানার পুলিশ সদস্যরা সেখানে যান। ভবনের একটি কক্ষের জানালা দিয়ে মরিয়মের মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা যায়।
তিনি জানান, ঘটনাস্থলে পিবিআই ও সিআইডির ফরেনসিক দলের সদস্যদের ডাকা হয়েছে। তাঁদের উপস্থিতিতে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার পর পুলিশ কক্ষে প্রবেশ করে পরবর্তী কার্যক্রম পরিচালনা করবে।
মরিয়ম খাতুনকে নিয়ে এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছিল। এসব ভিডিওকে কেন্দ্র করে জিএম নজরুল ইসলামকে নিয়ে আলোচনা-সমালোচনা হয়। পরে সংসদ সদস্য নিজেই মরিয়মকে তাঁর দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচয় দেন।
এর আগে বিভিন্ন প্রতিবেদনে জিএম নজরুল ইসলাম ও মরিয়ম খাতুনের বিয়ে নিয়ে নানা তথ্য ও বক্তব্য প্রকাশিত হয়। সংসদ সদস্যের পক্ষ থেকে ১৭ জুন পারিবারিকভাবে তাঁদের বিয়ে হয়েছে বলে দাবি করা হয়েছিল।
মরিয়ম খাতুনের মৃত্যুর কারণ সম্পর্কে পুলিশ এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানায়নি। ঘটনাস্থলের আলামত সংগ্রহ ও ফরেনসিক পরীক্ষা শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
Leave a comment