আবু হানিফ,সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা এলাকার জোড়পুকুর বাজার–ধুবিল আমতলা সড়কের আমশড়া অংশে সড়ক ধসে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। সড়কের পাশ ঘেঁষে পাড় না রেখে পুকুর খননের কারণে টানা বৃষ্টিতে সড়কের একাংশ পুকুরে বিলীন হয়েছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।
স্থানীয়দের অভিযোগ, আমশড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে আব্দুর রাজ্জাকের বাড়ি থেকে শামসুল হক (তারা মাস্টার)–এর বাড়ি পর্যন্ত সড়কের পাশ ঘেঁষে কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে পাড় না রেখেই পুকুর খনন করে মাছ চাষ করছেন। এতে আষাঢ় মাসের টানা বর্ষণে সড়কের একাংশ ধসে পড়ে।
সড়কটি ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছেন শিক্ষার্থী, পথচারী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সিএনজি অটোরিকশা, অটোরিকশা, ভ্যান ও রিকশাসহ ছোট যানবাহন চলাচলে প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়ার ক্ষেত্রেও ভোগান্তি পোহাতে হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
তাঁদের অভিযোগ, বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। দ্রুত সড়কটি সংস্কার এবং নিয়ম লঙ্ঘন করে পুকুর খননকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে মানববন্ধনসহ কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
রায়গঞ্জ উপজেলা উপসহকারী প্রকৌশলী বলেন, সড়কের পাশ থেকে অন্তত ১০ ফুট দূরে পাড় রেখে পুকুর খনন করতে হবে। নিয়ম লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় বাসিন্দারা দ্রুত সড়কটি সংস্কার করে নিরাপদ চলাচলের ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
Leave a comment