২০২৭ সালের ২ আগস্ট আকাশে দেখা যাবে বিরল ও দীর্ঘস্থায়ী পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। সহজে যাতায়াতযোগ্য স্থলভাগ থেকে দৃশ্যমানতার দিক থেকে এটি ২১১৪ সাল পর্যন্ত দীর্ঘস্থায়ী পূর্ণগ্রাস সূর্যগ্রহণগুলোর একটি হতে যাচ্ছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গ্রহণটির সর্বোচ্চ স্থায়িত্ব দেখা যাবে মিসরে। সেখানে প্রায় ৬ মিনিট ২৩ সেকেন্ড সূর্য পুরোপুরি ঢেকে থাকবে। এর তুলনায় ২০২৬ সালের পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সর্বোচ্চ স্থায়িত্ব ছিল ২ মিনিট ১৮ সেকেন্ড।
পূর্ণগ্রাস সূর্যগ্রহণের পথ ইউরোপের জিব্রাল্টার প্রণালি পেরিয়ে উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে অতিক্রম করবে। ফলে মিসর ছাড়াও কয়েকটি দেশের নির্দিষ্ট এলাকা থেকে এই মহাজাগতিক দৃশ্য দেখা যাবে।
স্পেনের মারবেলায় পূর্ণগ্রাসের স্থায়িত্ব হবে প্রায় ৩ মিনিট ২১ সেকেন্ড এবং কাডিজে ২ মিনিট ৫৬ সেকেন্ড। দেশটির উত্তর আফ্রিকান উপকূলীয় অঞ্চল সেউতা ও মেলিয়ায় যথাক্রমে ৪ মিনিট ৪৯ সেকেন্ড ও ৪ মিনিট ৩৪ সেকেন্ড পূর্ণগ্রাস দেখা যাবে।
ব্রিটিশ ওভারসিজ টেরিটরি জিব্রাল্টারে গ্রহণের স্থায়িত্ব হবে প্রায় ৪ মিনিট ২৮ সেকেন্ড। ইতালির লামপেদুসায় প্রায় ২ মিনিট ৫৬ সেকেন্ড পূর্ণগ্রাস দেখা যাবে।
মরক্কোর টাঙ্গিয়ারে সূর্য পুরোপুরি ঢেকে থাকবে প্রায় ৪ মিনিট ৫১ সেকেন্ড। তিউনিসিয়ার বিভিন্ন অঞ্চলও গ্রহণপথের মধ্যে রয়েছে। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বন্দরনগরী সাফাক্সে পূর্ণগ্রাসের স্থায়িত্ব হবে প্রায় ২ মিনিট ৫৬ সেকেন্ড।
মধ্যপ্রাচ্যের মধ্যে সৌদি আরবও হবে গ্রহণ পর্যবেক্ষণের গুরুত্বপূর্ণ স্থান। জেদ্দায় প্রায় ৫ মিনিট ৫৩ সেকেন্ড এবং মক্কায় প্রায় ৫ মিনিট ১০ সেকেন্ড পর্যন্ত পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যেতে পারে।
এই বিরল মহাজাগতিক দৃশ্যকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকদের আগ্রহ বাড়ছে। গ্রহণ দেখা যাবে এমন এলাকার অনেক হোটেলে আগাম বুকিং শুরু হয়েছে। অবশিষ্ট আবাসনের ভাড়াও বাড়ছে বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
পূর্ণগ্রাসের সময় সূর্যালোক সাময়িকভাবে বাধাগ্রস্ত হওয়ায় কিছু এলাকায় তাপমাত্রাও উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে।
২০২৭ সালের পরও রয়েছে আরও কয়েকটি উল্লেখযোগ্য সূর্যগ্রহণ। ২০২৮ সালের ২৬ জানুয়ারি দেখা যাবে একটি বলয়গ্রাস সূর্যগ্রহণ। একই বছরের ২২ জুলাই অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিভিন্ন অঞ্চল থেকে আরও একটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে।
আকাশপ্রেমীদের জন্য ২০২৭ সালের ২ আগস্ট তাই হতে যাচ্ছে একটি স্মরণীয় দিন।
Leave a comment