ইসরায়েলি হামলায় ইরানের শীর্ষ নেতা আলী লারিজানি নিহত হওয়ার ঘটনায় ‘চূড়ান্ত প্রতিশোধ’ নেওয়ার অঙ্গীকার করেছেন দেশটির সেনাপ্রধান আমির হাতামি । বুধবার দেওয়া এক বিবৃতিতে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
হাতামি বলেন, লারিজানিকে হত্যার জবাব “উপযুক্ত সময় ও স্থানে” দেওয়া হবে এবং এর লক্ষ্য হবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তার ভাষায়, এই প্রতিক্রিয়া হবে “চূড়ান্ত, প্রতিরোধমূলক এবং অনুতাপজনক”, যা শত্রুপক্ষকে এর ফল ভোগ করতে বাধ্য করবে।
তিনি আরও জানান, শুধু লারিজানি নয়, সাম্প্রতিক হামলায় নিহত অন্যান্য ইরানি কর্মকর্তাদের হত্যারও প্রতিশোধ নেওয়া হবে। এতে ইরানের সামরিক অবস্থান আরও কঠোর হয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।
এদিকে Islamic Revolutionary Guard Corps (আইআরজিসি) দাবি করেছে, লারিজানির হত্যার প্রতিক্রিয়ায় তারা ইতোমধ্যে ইসরায়েলের মধ্যাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। যদিও এ বিষয়ে স্বাধীনভাবে তাৎক্ষণিক কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
মঙ্গলবার (১৭ মার্চ) ইসরায়েলি হামলায় লারিজানির পাশাপাশি বাসিজ মিলিশিয়ার কমান্ডারগোলামরেজা সোলাইমানি নিহত হন বলে জানিয়েছে ইরান। সরকারিভাবে তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
পরিস্থিতি বিশ্লেষকদের মতে, এই ঘটনার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। পাল্টাপাল্টি হামলা ও হুমকির মধ্যে আঞ্চলিক সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা জোরালো হয়ে উঠছে।
Leave a comment