নওগাঁর সাপাহারে আমবাগান থেকে রুবেল হক (২৬) নামে এক গ্রাম পুলিশের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হওয়ার পর বুধবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার গোয়ালা ইউনিয়নের গোয়ালা কদমডাঙ্গা গ্রামের একটি আমবাগানে গাছের সঙ্গে রুবেলের মরদেহ ঝুলতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
রুবেল হক ওই গ্রামের আব্দুর রহমানের ছেলে। তিনি গোয়ালা ইউনিয়নে গ্রাম পুলিশ হিসেবে কর্মরত ছিলেন। পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেননি তিনি। রাতে বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি।
পুলিশের প্রাথমিক ধারণা, রুবেল আত্মহত্যা করে থাকতে পারেন। তবে কী কারণে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন, তা জানা যায়নি।
সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
Leave a comment