আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে রাঙ্গামাটিতে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ লাইনে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের লক্ষ্য। নির্বাচনী দায়িত্ব পালনের সময় জনগণের সঙ্গে বিনয়ী আচরণ, আইনশৃঙ্খলা রক্ষায় দৃঢ় অবস্থান এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।
তিনি আরও বলেন, এ ধরনের প্রশিক্ষণ পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করে। নির্বাচনী দায়িত্ব সফলভাবে পালনে এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে রাঙ্গামাটি পার্বত্য জেলার বিভিন্ন ইউনিটের ৫০ জন পুলিশ সদস্য অংশ নিচ্ছেন।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (বরকল সার্কেল) আসিফ ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. তারেক সেকান্দার, গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ. এম. মাহমুদসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a comment