যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে এক অজ্ঞাত বন্দুকধারীর অতর্কিত গুলিতে মো. রাজু নামে এক প্রবাসী বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ১১টার দিকে রাউনসভিলের ‘আমেরিকান বেস্ট উইংস অ্যান্ড পিৎজা’ নামের একটি ফ্রাইড চিকেনের দোকানে এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় আরও এক বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন।
নিহত রাজু নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের কংশনগর গ্রামের সন্তান। স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে দোকানে দায়িত্ব পালনকালে এক সশস্ত্র হামলাকারী ভেতরে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। এতে ঘটনাস্থলেই রাজুর বুকে ও অপর বাংলাদেশি কর্মীর পায়ে গুলি লাগে। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে দুজনকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাজুর মৃত্যু হয়। আহত অপর বাংলাদেশি চিকিৎসকের নিবিড় পরিচর্যায় বর্তমানে শংকামুক্ত রয়েছেন।
এদিকে নোয়াখালীর আমিশাপাড়ায় রাজুর গ্রামের বাড়িতে তার মৃত্যুর খবর পৌঁছালে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম নেমে আসে। নিহতের পরিবার ও স্থানীয় জনপ্রতিনিধিরা দ্রুততম সময়ে রাজুর মরদেহ বাংলাদেশে ফিরিয়ে আনতে এবং হত্যাকারীকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ ও সহায়তা কামনা করেছেন।
Leave a comment