ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং হাসপাতালের বিভিন্ন অনিয়ম দেখে ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
শনিবার সকাল ১১টার দিকে ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি পরিদর্শন করেন তিনি। এ সময় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখার পাশাপাশি বাথরুমে সরকারি ওষুধ ছড়িয়ে–ছিটিয়ে থাকতে দেখেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমার দেশের দরিদ্র মানুষ ওষুধ পায় না, আর এখানে লাখ লাখ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ পড়ে আছে।’
তিনি বলেন, বিগত সরকারের আমলে স্বাস্থ্য খাতে অনিয়ম, দুর্নীতি ও অর্থ লুটপাটের কারণে স্বাস্থ্যসেবা ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছিল। বর্তমান সরকার স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে কাজ করছে।
মন্ত্রী আরও বলেন, জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করা হবে। এ প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া শিগগিরই শুরু হবে বলেও জানান তিনি।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাসান মো. নাসের রিকাবদার, মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতিসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
Leave a comment