যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে কাতারের দোহায় অবস্থিত মার্কিন বিমানঘাঁটি আল-উদেইদে পাল্টা হামলা চালানোর সময় ভূপাতিত হওয়া দুটি সুখোই-২৪ যুদ্ধবিমানের তিন পাইলটকে কাতার আটক করে রেখেছে বলে দাবি করেছে ইরান। দেশটির দাবি, ওই হামলায় চার পাইলটের একজন নিহত হয়েছেন এবং বাকি তিনজন কাতারের হেফাজতে রয়েছেন।
শনিবার (১৫ আগস্ট) ইরানি বার্তা সংস্থা ফার্স নিউজ দেশটির সশস্ত্র বাহিনীর জেনারেল মোহাম্মদ বাঘেরজাদেহের একটি চিঠির বরাত দিয়ে এ তথ্য জানায়।
চিঠিতে জেনারেল বাঘেরজাদেহ বলেন, যুদ্ধের সময় সুখোই-২৪ বিমান দুটি ভূপাতিত হওয়ার পর তিন ইরানি পাইলটকে জীবিত অবস্থায় আটক করে কাতার। তাঁরা হলেন জাভেদ সালেহি, আব্দুলমাজিদ দাসতিয়ান ও ওমরান বেহরাভেসিয়ান।
চিঠিতে দাবি করা হয়, গত ছয় মাস ধরে কাতার তাঁদের আটক করে রেখেছে। তাঁদের পরিবারের সদস্য বা অন্য কারও সঙ্গে দেখা কিংবা যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না।
রেডক্রসকে পাঠানো চিঠিতে তিন পাইলটের মুক্তির দাবি জানিয়েছেন জেনারেল বাঘেরজাদেহ।
এর আগে গত মার্চের শুরুতে আল-উদেইদ বিমানঘাঁটিতে হামলার সময় চার পাইলটের মধ্যে মাজিদ কাজেমির মরদেহ কাতার থেকে দেশে ফিরিয়ে নেয় ইরান। বাকি তিনজনকে তখন নিখোঁজ বলে জানানো হয়েছিল। এবারই প্রথম ইরান স্পষ্ট করে দাবি করল, ওই তিন পাইলটকে কাতার আটক করে রেখেছে।
আল-উদেইদ বিমানঘাঁটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক বিমানঘাঁটি।
সূত্র: এএফপি
Leave a comment