ভারতের মহারাষ্ট্রের পুনেতে শ্রাবণ মাসে খাসির মাংস খেতে চাওয়ায় ৩০ বছর বয়সী ছেলেকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর বাবার বিরুদ্ধে। পরে হত্যার আলামত নষ্টের চেষ্টার অভিযোগে নিহতের মা-কেও গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার পুলিশ জানায়, নিহত যুবকের নাম মহেশ গায়কোয়াড় (৩০)। তিনি পুনের ওয়ারজে মালওয়াড়ির বাসিন্দা ছিলেন।
পুলিশ ও পারিবারিক সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী শ্রাবণ মাসকে পবিত্র মনে করেন অনেকে। এ সময় অনেক পরিবার মাছ, মাংস ও ডিম খাওয়া থেকে বিরত থাকে। মহেশের পরিবারেও এ সময়ে নিরামিষ খাবার খাওয়ার নিয়ম ছিল।
তবে মহেশ বাড়িতে খাসির মাংস রান্না করে খাওয়ার জন্য পরিবারের সদস্যদের সঙ্গে জোরাজুরি করছিলেন বলে জানিয়েছে পুলিশ। এ নিয়ে তাঁর সঙ্গে বাবার বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে বাবা লাঠি দিয়ে মহেশকে মারধর করেন বলে অভিযোগ উঠেছে।
পুলিশের ভাষ্য, মারধরের একপর্যায়ে মহেশ গুরুতর আহত হন এবং পরে তাঁর মৃত্যু হয়।
ঘটনার পর পুলিশকে না জানিয়ে স্বামীকে রক্ষা করতে মহেশের মা হত্যার আলামত নষ্ট করার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। বিষয়টি পুলিশের নজরে এলে তারা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে।
প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মহেশের বাবা এবং আলামত নষ্টের চেষ্টার অভিযোগে তাঁর মাকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে হত্যা ও তথ্য-প্রমাণ গোপনের অভিযোগে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
তবে শ্রাবণ মাসে মাংস খেতে চাওয়াই হত্যাকাণ্ডের একমাত্র কারণ কি না, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।
Leave a comment