রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, মব সন্ত্রাস বন্ধে সদ্য দায়িত্ব নেওয়া সরকারের প্রথম পদক্ষেপ প্রশংসনীয়।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে বঙ্গভবনে দৈনিক কালের কণ্ঠকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “ঘুণে ধরার মতো ধরে ফেলেছিল মব কালচার। এটাকে নিরুৎসাহ করা বা বন্ধ করার জন্য সরকারের প্রথম পদক্ষেপটা অবশ্যই প্রশংসনীয়।”
রাষ্ট্রপতি আরও বলেন, দেশে স্থিতিশীলতা আনতে হলে মবতন্ত্র শক্ত হাতে দমন করতে হবে। তিনি উল্লেখ করেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন দায়িত্ব গ্রহণের পরপরই মব সন্ত্রাসের বিরুদ্ধে যে অবস্থান ঘোষণা করেছেন, তা ইতিবাচক।
সাক্ষাৎকারে সদ্যসমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, নির্বাচন ভালো হয়েছে এবং জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। তার মতে, মানুষ শান্তিপূর্ণ নির্বাচন চেয়েছিল এবং এতে এক ধরনের স্বস্তি ফিরে এসেছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভের মাধ্যমে সরকার গঠন করে বিএনপি। এর মধ্য দিয়ে বিদায় ঘটে ড.মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের। প্রায় দেড় বছরের বিরতির পর নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ায় রাষ্ট্রপতি সাক্ষাৎকারে স্বস্তির অনুভূতির কথাও তুলে ধরেন।
রাষ্ট্রপতির বক্তব্যে স্পষ্ট হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন সরকারের সামনে প্রধান চ্যালেঞ্জ, আর মব সন্ত্রাস দমনে কঠোর অবস্থান সেই লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে
Leave a comment