ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুনে শহরের বুধওয়ার পেথ এলাকার যৌনপল্লিতে পুলিশের ব্যাপক অভিযানে ১১ জন বাংলাদেশি নারীকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় বুধবার ভোরে পরিচালিত এই অভিযানে পুনে সিটি পুলিশ অংশ নেয়।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে জানায়, যৌনপল্লিতে দেহব্যবসায় বাধ্য হওয়া ১ ‘বাংলাদেশি’ নারী এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনার এক মাস পর বাংলাদেশি নারীদের উদ্ধার করা হলো।
পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় সময় বুধবার রাত সাড়ে ১২টার দিকে উপ-পুলিশ কমিশনার (জোন-১) ঋষিকেশ রাওয়ালের নেতৃত্বে প্রায় ৭০০ সদস্যের একটি বড় দল অভিযান চালায়। অভিযানের মূল লক্ষ্য ছিল অবৈধভাবে অবস্থানরত বিদেশি নারী এবং জোরপূর্বক দেহব্যবসায় বাধ্য করা নাবালিকাদের শনাক্ত ও উদ্ধার করা।
বুধওয়ার পেথ দীর্ঘদিন ধরে পুনের অন্যতম বড় যৌনপল্লি হিসেবে পরিচিত। অতীতে এখান থেকে একাধিকবার মানবপাচার ও নাবালিকাদের জোরপূর্বক যৌনকর্মে বাধ্য করার অভিযোগে অভিযান চালানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, গত সাত দিনের মধ্যে এটি ছিল ওই এলাকায় দ্বিতীয় বড় অভিযান। এর আগে ১২ ফেব্রুয়ারি পরিচালিত অভিযানে দুজন বাংলাদেশি নারী এবং বেশ কয়েকজন নাবালিকাকে উদ্ধার করা হয়।
পুনে পুলিশের কমিশনার অমিতেশ কুমার বলেন, “যেসব ভবন বা যৌনপল্লিতে বাংলাদেশি নারীদের অবৈধভাবে রাখা হয়েছিল এবং দেহব্যবসায় বাধ্য করা হয়েছিল, সেগুলো সিল করার প্রক্রিয়া শুরু করা হবে।”
তিনি আরও জানান, অনৈতিক পাচার (প্রতিরোধ) আইনের আওতায় মামলা দায়ের করা হবে। পাশাপাশি উদ্ধারকৃত নারীদের পরিচয় যাচাই শেষে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নিজ দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হবে।
ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে দীর্ঘদিন ধরেই মানবপাচার একটি উদ্বেগজনক ইস্যু। বিশেষজ্ঞদের মতে, দারিদ্র্য, কর্মসংস্থানের অভাব ও প্রতারণার ফাঁদে পড়ে অনেক নারী পাচারচক্রের শিকার হন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, আন্তঃরাষ্ট্রীয় পাচারচক্র ভেঙে দিতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। একই সঙ্গে ভুক্তভোগীদের পুনর্বাসন ও আইনি সহায়তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
উদ্ধার হওয়া নারীদের বর্তমানে নিরাপদ হেফাজতে রাখা হয়েছে এবং তাদের বক্তব্য গ্রহণ করা হচ্ছে। তদন্ত শেষে মানবপাচার চক্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।
Leave a comment