নওগাঁ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে চলমান ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) পরীক্ষা চলাকালে তাঁদের কাছ থেকে মোবাইল ফোন ও নকলের কাগজপত্র জব্দ করা হয়। পরে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের শৃঙ্খলা বিধি অনুযায়ী তাঁদের বহিষ্কার করা হয়।
বহিষ্কৃত দুই শিক্ষার্থী নওগাঁ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের এনভায়রনমেন্টাল টেকনোলজি বিভাগের অষ্টম পর্বের শিক্ষার্থী।
ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, নির্ধারিত দিনে দুপুর ২টায় ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন পর্বের পরীক্ষা শুরু হয়। পরীক্ষা চলাকালে কক্ষ পরিদর্শকেরা তল্লাশি চালিয়ে এক শিক্ষার্থীর কাছ থেকে একটি স্মার্টফোন ও নকলের কাগজপত্র উদ্ধার করেন। অন্য শিক্ষার্থীর প্রবেশপত্রের পেছনে পরীক্ষার বিষয়বস্তু লিখে আনার বিষয়টি শিক্ষকদের নজরে আসে।
অসদুপায় অবলম্বনের বিষয়টি নিশ্চিত হওয়ার পর দুজনকেই তাৎক্ষণিকভাবে পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়।
কারিগরি শিক্ষা বোর্ডের শৃঙ্খলা বিধি অনুযায়ী, পরীক্ষার হলে মোবাইল ফোন, ইলেকট্রনিক ডিভাইস বা অননুমোদিত কাগজপত্র রাখা শাস্তিযোগ্য অপরাধ। বিধির ১.৩ ধারা অনুযায়ী, এ ধরনের অপরাধে চলতি বা সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিলের বিধান রয়েছে।
নওগাঁ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নাসিমুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, পরীক্ষার নিয়ম অমান্য করায় কারিগরি শিক্ষা বোর্ডের বিধান অনুযায়ী তাঁদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষার সুষ্ঠু পরিবেশ ও স্বচ্ছতা বজায় রাখতে কর্তৃপক্ষ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।
Leave a comment