ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। শনিবার (১২ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
তিতাস নদীর শিমরাইলকান্দি গাঁওগ্রাম পয়েন্ট থেকে মেড্ডা সরকারি শিশু পরিবার পয়েন্ট পর্যন্ত প্রতিযোগিতার সীমানা নির্ধারণ করা হয়। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা ১০টি নৌকা চারটি পর্বে অংশ নেয়।
নৌকা বাইচ দেখতে দুপুরের পর থেকেই তিতাস নদীর দুই তীরে দর্শনার্থীদের ঢল নামে। আয়োজকদের দাবি, প্রায় অর্ধলক্ষ মানুষ এ প্রতিযোগিতা উপভোগ করতে জড়ো হন। গাছের ডাল থেকে শুরু করে বাড়িঘরের ছাদ—সব জায়গা থেকেই দর্শনার্থীদের নৌকা বাইচ দেখতে দেখা যায়।
তীব্র প্রতিযোগিতার পর তিতাসের বুক চিরে প্রথম হয়ে বিজয় ছিনিয়ে নেয় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার শাপলা বয়েজ ক্লাব।
পরে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব শ্যামল। জেলা প্রশাসক মো. আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন, জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজসহ অন্যরা।
অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলগুলোর মধ্যে পুরস্কার বিতরণ করেন। প্রথম স্থান অর্জনকারী দলকে ২ লাখ টাকা, দ্বিতীয় দলকে ১ লাখ ৫০ হাজার টাকা এবং তৃতীয় দলকে ১ লাখ টাকা ও ট্রফি দেওয়া হয়। এ ছাড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিটি দলকে ৩০ হাজার টাকা করে দেওয়া হয়েছে।
সূত্র: আরটিভি
Leave a comment