দিল্লিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যকে ভারত সরকার সমর্থন করে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।
শুক্রবার (৭ আগস্ট) সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে ভারতের অবস্থান পরিষ্কার করেন তিনি।
রণধীর জয়সোয়াল বলেন, যে সংবাদ সম্মেলন বা ভার্চুয়াল অনুষ্ঠানের কথা বলা হচ্ছে, সেটি সম্পূর্ণভাবে একটি বেসরকারি প্রতিষ্ঠান বা সংস্থার উদ্যোগে আয়োজিত হয়েছে। ওই অনুষ্ঠানে বাংলাদেশের বর্তমান সরকার বা সামগ্রিক পরিস্থিতি নিয়ে দেওয়া বক্তব্য ও মতামতের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা বা সমর্থন নেই।
সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, আঞ্চলিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে নিজেদের স্বার্থ ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে ভারত। প্রতিবেশী দেশগুলোর কর্মকাণ্ডও তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং জাতীয় নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে সেগুলো মূল্যায়ন করছে।
Leave a comment