সিলেট বিভাগের হবিগঞ্জ জেলায় ডিউটিরত অবস্থায় এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। সহকর্মীরা দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত ওই পুলিশ সদস্যের নাম মোশাররফ হোসেন দুলাল (৫৯)। তিনি শায়েস্তাগঞ্জ ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর (প্রশাসন) মোঃ আব্দুন নুর।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকাল ৮টার দিকে শায়েস্তাগঞ্জ উপজেলার দাউদনগর এলাকায় দায়িত্ব পালন করছিলেন মোশাররফ হোসেন দুলাল। এ সময় তিনি হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করলে সহকর্মীরা দ্রুত তাকে হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল-এ নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা গেছে, মোশাররফ হোসেন দুলালের বাড়ি নবীনগর উপজেলার ভাঙ্গুরা বড়বাড়ি এলাকায়। তিনি এক ছেলে ও তিন মেয়ের জনক। আর মাত্র ছয় মাস পরেই তার চাকরি থেকে অবসরে যাওয়ার কথা ছিল। এর আগে তিনি দীর্ঘদিন হবিগঞ্জ কোর্টে দায়িত্ব পালন করেছেন।
সোমবার বেলা আড়াইটায় হবিগঞ্জ পুলিশ লাইন্স-এ জানাজা শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। সহকর্মীরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
Leave a comment