ঝালকাঠির নলছিটিতে প্রতিপক্ষের ভয়াবহ হামলা থেকে সন্তানকে রক্ষা করতে গিয়ে আক্কাস খান (৫৫) নামের এক প্রবীণ ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর ছেলে জসিম খান (৩২) গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
গত রোববার (৯ আগস্ট) বিকেলে উপজেলার গোবিন্দপুর গ্রামে এ নৃশংস হামলার ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোবিন্দপুর গ্রামের বাসিন্দা আক্কাস খানের ছেলে জসিমের সঙ্গে প্রতিবেশী সজল খানের দীর্ঘদিনের শত্রুতা ও দ্বন্দ্ব চলছিল। এরই জের ধরে রোববার বিকেলে বাড়ির কাছের সড়কে জসিমকে একা পেয়ে সজল খান, তাঁর বাবা সেলিম খান ও ভাই শফিক খানসহ কয়েকজন অতর্কিত হামলা চালান।
পুত্রের আত্মচিৎকার শুনে বাবা আক্কাস খান ঘটনাস্থলে ছুটে যান এবং সন্তানকে বাঁচাতে প্রাণপণ চেষ্টা করেন। এ সময় হামলাকারীরা তাঁকেও মারধরসহ ধারালো অস্ত্র দিয়ে সজোরে আঘাত করে। এতে দুজনই রক্তাক্ত অবস্থায় গুরুতর আহত হলে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।
অবস্থার মারাত্মক অবনতি হলে আক্কাস খানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হচ্ছিল, কিন্তু পথিমধ্যে রাত সাড়ে ১১টার দিকে তাঁর মৃত্যু হয়। গুরুতর আহত জসিম খানকে বর্তমানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, মাথায় প্রচণ্ড আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই প্রবীণ এই বাবার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান সোহাগ জানান, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িত মূল অভিযুক্তরা ঘটনার পর পালিয়েছে এবং তাদের গ্রেপতার করতে অভিযান অব্যাহত রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এ সংক্রান্ত একটি মামলার প্রস্তুতি চলছে।
Leave a comment