বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি বলেছেন, আন্তর্জাতিক বাজারে উচ্চমূল্যে জ্বালানি আমদানি করা হলেও এর নেতিবাচক প্রভাব জনগণের ওপর পড়বে না; সরকার তা দক্ষতার সঙ্গে নিয়ন্ত্রণ করবে।
তিনি জানান, দেশে ডিজেলের দাম প্রায় ১৫ শতাংশ বাড়ানো হয়েছে, যা প্রতিবেশী দেশগুলোর তুলনায় কম। এই বৃদ্ধির ফলে পণ্যমূল্যে কেজিপ্রতি আনুমানিক ৩০ পয়সা পর্যন্ত প্রভাব পড়তে পারে, তবে সামগ্রিক মূল্যস্ফীতিতে এর উল্লেখযোগ্য প্রভাব পড়বে না।
শুক্রবার দুপুরে সিলেট সদর উপজেলার মাসুকগঞ্জ বাজারে ঐতিহাসিক ‘বাসিয়া খাল’ প্রকল্পের প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সাম্প্রতিক লোডশেডিং বৃদ্ধির বিষয়ে মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন অব্যবস্থাপনা মোকাবিলা করতে হচ্ছে। দেশের বিদ্যুৎ উৎপাদন এখনো অনেকাংশে গ্যাসনির্ভর উল্লেখ করে তিনি জানান, দেশে বর্তমানে ১৭ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদিত হলেও চাহিদা মেটাতে অতিরিক্ত ৯ মিলিয়ন ঘনফুট গ্যাস আমদানি করতে হচ্ছে। কারিগরি জটিলতার কারণে চাহিদামাফিক গ্যাস আমদানি ব্যাহত হওয়ায় লোডশেডিং বেড়েছে। তবে দ্রুত এ সমস্যা সমাধানে সরকার কাজ করছে এবং এলএনজি আমদানির সক্ষমতা বাড়াতে নতুন টার্মিনাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্ত্রী আরও জানান, আগামী ২ মে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বাসিয়া খাল’ খনন কাজের উদ্বোধন করবেন। প্রায় ৪০ কিলোমিটার দীর্ঘ এই খালের ২৩ কিলোমিটার অংশ খনন করা হবে, যা সিলেট সদর উপজেলার মাসুকগঞ্জ বাজার থেকে শুরু হয়ে ওসমানীনগর হয়ে সুনামগঞ্জের জগন্নাথপুর পর্যন্ত বিস্তৃত হবে।
এই প্রকল্প বাস্তবায়িত হলে প্রায় ৯০ হাজার কৃষক উপকৃত হবেন এবং শুষ্ক মৌসুমে সেচ সুবিধা নিশ্চিত হওয়ায় অতিরিক্ত প্রায় ২০ হাজার হেক্টর জমিতে ফসল উৎপাদন সম্ভব হবে।
সৌদি আরব থেকে উচ্চমূল্যে জ্বালানি আমদানির বিষয়ে মন্ত্রী বলেন, বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখা ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে মজুত বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। ভবিষ্যতে বৈশ্বিক অস্থিরতায় দেশ যাতে ঝুঁকিতে না পড়ে, সে লক্ষ্যে নতুন সংরক্ষণাগার নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
পরিদর্শনকালে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, সংসদ সদস্য এম এ মালিক, এমরান আহমদ চৌধুরীসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a comment