জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন এবং গুম প্রতিরোধসহ জনগুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো সংসদে বিল আকারে উত্থাপনের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আমরণ অনশন শুরু করেছেন। বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এই কর্মসূচি শুরু হয়, যেখানে পরবর্তীতে আরও কয়েকজন শিক্ষার্থী সংহতি জানিয়ে অংশ নেন। একই সঙ্গে কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।
অনশন শুরু করেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল সংসদের কার্যনির্বাহী সদস্য মো. সাদিক মুনওয়ার মুনেম। রাতের দিকে ডাকসুর সহ-সভাপতি সাদিক কায়েম অনশনস্থলে উপস্থিত হয়ে কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেন। এ সময় ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, কার্যনির্বাহী সদস্য মিফতাহুল হুসাইন আল মারুফ, আনান ইবনে মুনির, রায়হান উদ্দিনসহ বিভিন্ন হল সংসদের নেতারা উপস্থিত ছিলেন।
সংহতি জানিয়ে সাদিক কায়েম বলেন, এই আন্দোলন শুধু কয়েকজন শিক্ষার্থীর নয়, বরং দেশের ক্ষুব্ধ নাগরিকদের দাবির প্রতিফলন। তিনি বলেন, গণভোটের রায় রক্ষা এবং জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের দাবি এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে।
বক্তব্যে তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, জনগণের ভোটের আমানত রক্ষায় আবারও রাজপথে নামতে হওয়া দুঃখজনক। তিনি আরও বলেন, জুলাইয়ের আন্দোলন এবং ফ্যাসিবাদবিরোধী সংগ্রাম দেশকে আপসহীন অবস্থানের শিক্ষা দিয়েছে এবং সেই চেতনা কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না।
ডাকসুর পক্ষ থেকে অনশনরত শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এই আন্দোলনের ত্যাগ ও সংগ্রাম বৃথা যাবে না।
অনশনরত শিক্ষার্থীদের প্রধান দাবির মধ্যে রয়েছে—জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন এবং গুম প্রতিরোধ ও প্রতিকারসহ গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো দ্রুত সংসদে বিল আকারে উত্থাপন করা। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত রাজু ভাস্কর্যের পাদদেশে এই আমরণ অনশন কর্মসূচি অব্যাহত রয়েছে।
Leave a comment