Home আন্তর্জাতিক জিন্নাহর অসুস্থতার তথ্য গোপন রাখায় দুই ভারতীয় চিকিৎসক পাচ্ছেন পাকিস্তানের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার
আন্তর্জাতিক

জিন্নাহর অসুস্থতার তথ্য গোপন রাখায় দুই ভারতীয় চিকিৎসক পাচ্ছেন পাকিস্তানের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার

Share
Share

পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর গুরুতর অসুস্থতার তথ্য গোপন রাখার জন্য ভারতের মুম্বাইয়ের দুই পারসি চিকিৎসককে পাকিস্তানের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার নিশান-ই-ইমতিয়াজ দেওয়ার জন্য মনোনীত করা হয়েছে। এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মনোনীত দুই চিকিৎসক হলেন ডা. জাল রতনজি প্যাটেল ও রেডিওলজিস্ট ডা. জাল ধায়ভো-কু। ১৯৪৭ সালে ভারত ভাগের আগে গুরুত্বপূর্ণ সময়ে জিন্নাহর যক্ষ্মা কতটা গুরুতর পর্যায়ে পৌঁছেছিল, সে তথ্য তাঁরা পেশাগত গোপনীয়তার কারণে প্রকাশ করেননি বলে জানিয়েছে পাকিস্তান।

পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী ও পুরস্কার কমিটির চেয়ারম্যান আহসান ইকবাল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিষয়টি জানান।

আহসান ইকবাল বলেন, ১৯৪৬ সালে ডা. প্যাটেল ও ডা. ধায়ভো-কু জিন্নাহর এক্স-রে পরীক্ষা করেছিলেন। এতে তাঁরা দেখতে পান, জিন্নাহর যক্ষ্মা অনেকটা অগ্রসর পর্যায়ে পৌঁছেছে এবং তাঁর হাতে হয়তো আর এক থেকে দুই বছর সময় রয়েছে।

তবে জিন্নাহর অসুস্থতার গুরুতর অবস্থা তাঁরা কাউকে জানাননি। বিষয়টি কেবল জিন্নাহর ঘনিষ্ঠ কয়েকজনের মধ্যে সীমাবদ্ধ ছিল বলে জানান আহসান ইকবাল।

তিনি বলেন, গুরুত্বপূর্ণ ওই সময়ে পেশাগত গোপনীয়তা রক্ষা করে দুই চিকিৎসক নীরবে অসাধারণ সেবা করেছিলেন। তাঁদের পেশাগত শপথের প্রতি এই আনুগত্য পরোক্ষভাবে এমন একটি পরিস্থিতি তৈরিতে ভূমিকা রেখেছিল, যা শেষ পর্যন্ত পাকিস্তান সৃষ্টির পথকে প্রভাবিত করে।

জিন্নাহর অসুস্থতার খবর ব্রিটিশ ভারতের তৎকালীন শাসকদের কাছে পৌঁছালে দেশভাগের সময়সূচি ও প্রক্রিয়া ভিন্ন হতে পারত বলে ধারণা রয়েছে। পাকিস্তানের ওই মন্ত্রীর দাবি, ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন পরে জানিয়েছিলেন, জিন্নাহর অসুস্থতার প্রকৃত মাত্রা সম্পর্কে তিনি আগে জানতে পারলে হয়তো দেশভাগ বিলম্বিত করার কথা বিবেচনা করতেন।

তবে ইতিহাসবিদদের মধ্যে এ বিষয়ে মতভেদ রয়েছে। জিন্নাহর স্বাস্থ্য পরিস্থিতি দেশভাগের সিদ্ধান্ত বা সময়সূচিকে কতটা প্রভাবিত করতে পারত, সে বিষয়ে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো কঠিন।

ইতিহাসবিদ ও শিক্ষাবিদ আকবর আহমেদের ‘জিন্নাহ, পাকিস্তান অ্যান্ড ইসলামিক আইডেন্টিটি: দ্য সার্চ ফর সালাদিন’ বই অনুযায়ী, জিন্নাহ ১৯৩০-এর দশক থেকেই যক্ষ্মায় ভুগছিলেন। তবে তাঁর অসুস্থতার বিষয়টি খুব অল্প কয়েকজন ঘনিষ্ঠ ব্যক্তি জানতেন। তাঁদের মধ্যে তাঁর বোন ফাতিমা জিন্নাহও ছিলেন।

সে সময় যক্ষ্মা ছিল প্রাণঘাতী রোগ। কার্যকর অ্যান্টিবায়োটিক সহজলভ্য না থাকায় এ রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য বড় ধরনের ঝুঁকি ছিল।

বিভিন্ন ঐতিহাসিক বর্ণনায় উঠে এসেছে, জিন্নাহ নিজের অসুস্থতার মাত্রা জনসমক্ষে প্রকাশ করতে চাইতেন না। গুরুতর অসুস্থতার খবর প্রকাশ হলে তাঁর রাজনৈতিক নেতৃত্ব ও জনসমর্থনে প্রভাব পড়তে পারে বলে তিনি আশঙ্কা করতেন।

১৯৪৭ সালে ভারত ভাগের সময় জিন্নাহর শারীরিক অবস্থার আরও অবনতি হয়। পাকিস্তান প্রতিষ্ঠার এক বছরের কিছু বেশি সময় পর ১৯৪৮ সালের ১১ সেপ্টেম্বর ফুসফুসের যক্ষ্মায় মারা যান তিনি।

জিন্নাহর মৃত্যুর ৭৮ বছর পর তাঁর চিকিৎসার সঙ্গে যুক্ত দুই চিকিৎসককে নিশান-ই-ইমতিয়াজ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে তাঁরা দুজনই মারা গেছেন। ২০২৭ সালের মার্চে একটি অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের মরণোত্তরভাবে এ সম্মাননা দেওয়া হবে।

পাকিস্তানের রাষ্ট্রীয় পুরস্কারগুলোর মধ্যে নিশান-ই-ইমতিয়াজ অন্যতম মর্যাদাপূর্ণ বেসামরিক সম্মাননা। জিন্নাহর চিকিৎসার সঙ্গে যুক্ত থাকা এই দুই ভারতীয় পারসি চিকিৎসকের ভূমিকার স্বীকৃতি হিসেবে এবার তাঁদের এ পুরস্কার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পত্নীতলায় চুরি হওয়া ছাগল উদ্ধার, গ্রেপ্তার ৩

  নওগাঁর পত্নীতলায় চুরি হওয়া একটি ছাগল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) গভীর রাতে উপজেলার কৃষ্ণপুর...

সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ: চরম দুর্ভোগে ৩০ হাজার মানুষ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সীমান্তবর্তী জনপ্রিয় পর্যটন এলাকা সাজেক ইউনিয়নে পুনরায় শুরু হওয়া অনির্দিষ্টকালের সড়ক অবরোধে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় লুসাই, ত্রিপুরা, চাকমা ও...

Related Articles

নয়ডায় নুডুলস খেয়ে একই পরিবারের ৫ জনের মর্মান্তিক মৃত্যু: চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

ভারতের উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় একই পরিবারের দম্পতি ও তাদের তিন শিশুসন্তানের...

ভারতে মন্দিরের কাছে নিয়ন্ত্রণহীন ট্রাকচাপায় ১২ তীর্থযাত্রী নিহত, আহত বহু

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের গালিওর জেলায় অবস্থিত ঐতিহাসিক শীতলা মাতা মন্দিরের বাইরে এক...

ইয়েমেনে সৌদি জোটের তীব্র বিমান হামলা : শিশুসহ অন্তত ১২ জন নিহত

ইয়েমেনের বিভিন্ন অঞ্চলে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের টানা ও বিধ্বংসী বিমান হামলায়...

সৌদিতে নজরদারি চালানোর সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নাজরান সীমান্তে সামরিক নজরদারিতে নিয়োজিত একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে...

;