জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭টি দেশের প্রতিনিধিদের আসন ফাঁকা ছিল। ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েনেটের (Ynet) প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, নেতানিয়াহুর ৪১ মিনিটের ভাষণ শুরুর সময় কয়েকটি দেশের প্রতিনিধিদল অধিবেশন কক্ষ ছেড়ে যায়। আবার কিছু দেশের প্রতিনিধিরা শুরু থেকেই অধিবেশন কক্ষে উপস্থিত ছিলেন না।
ইসরায়েলি কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ৭৭টি দেশের অনুপস্থিতিকে সরাসরি ওয়াকআউট হিসেবে বিবেচনা করা যাবে না। কারণ, নেতানিয়াহু দিনের প্রথম বক্তা হওয়ায় কয়েকটি দেশের প্রতিনিধিরা নির্ধারিত সময়ে অধিবেশন কক্ষে উপস্থিত হননি। মিসর ও জর্ডানের প্রতিনিধিরা কক্ষে ছিলেন না, তবে তাঁরা পূর্বপরিকল্পিত ওয়াকআউটে অংশ নেননি বলে কর্মকর্তারা জানান।
অন্যদিকে, পাকিস্তানের প্রতিনিধিদল অধিবেশন কক্ষ থেকে বের হয়ে লবিতে দাঁড়িয়ে নেতানিয়াহুর বক্তব্য শোনে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ইয়েনেটের তালিকায় বাংলাদেশ ছাড়াও তুরস্ক, সৌদি আরব, ইরান, কাতার, ওমান, লেবানন, জর্ডান, সিরিয়া, ফিলিস্তিন, স্পেন, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, আয়ারল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও কুয়েতসহ ৭৭টি দেশের নাম রয়েছে।
তবে বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিরা অধিবেশন কক্ষে নিজেদের আসনে থেকেই নেতানিয়াহুর বক্তব্য শোনেন। দুই দেশই ২০২০ সালে ইসরায়েলের সঙ্গে আব্রাহাম চুক্তিতে স্বাক্ষর করেছিল।
নেতানিয়াহু তাঁর ৪১ মিনিটের ভাষণে গাজা যুদ্ধ, হামাস ও ইরানসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন। তাঁর ভাষণের সময় বেশ কয়েকটি প্রতিনিধিদলের কক্ষ ত্যাগের দৃশ্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমে গুরুত্ব পায়।
Leave a comment