রাজধানীর সরকারি তিতুমীর কলেজের রসায়ন বিভাগের সংকটাপন্ন শিক্ষার্থী সাদিয়া আয়াতের কিডনি প্রতিস্থাপনের চিকিৎসায় সহায়তা করতে নিজের শখের ও দুর্লভ পোষা কবুতর বিক্রির উদ্যোগ নিয়েছেন কলেজটির অর্থনীতি বিভাগের শিক্ষক মুহাম্মদ আব্দুল হামিদ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ উদ্যোগের কথা জানান।
পোস্টে মুহাম্মদ আব্দুল হামিদ লেখেন, ‘যা কিছু দুর্লভ, সেটাই দামী। বহু শখের জিনিস আমার। এ দুটিই বিক্রি করে সাহায্যপ্রার্থী তিতুমীরের রসায়ন বিভাগের ছাত্রী সাদিয়ার কিডনি প্রতিস্থাপনে যদি কিছুটা কাজে আসে। মেয়েটার জন্য কিছুই করতে পারলাম না। বারবার মনে পড়ে, সেই সঙ্গে মনও পোড়ে। পোস্ট করার উদ্দেশ্য—আসুন, ওকে বাঁচাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিই।’
শিক্ষক মুহাম্মদ আব্দুল হামিদের এই উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা পেয়েছে। নিজের শখের পোষা কবুতর বিক্রি করে পাওয়া অর্থ সাদিয়ার চিকিৎসার জন্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
সরকারি তিতুমীর কলেজের রসায়ন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাদিয়া আয়াত বর্তমানে রাজধানীর শ্যামলী কিডনি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।
সাদিয়ার চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে, তাঁর দুটি কিডনিই প্রায় বিকল হয়ে পড়েছে। দ্রুত কিডনি প্রতিস্থাপন করা না হলে তাঁর জীবন সংকটাপন্ন হয়ে পড়বে। তবে ব্যয়বহুল এই চিকিৎসার খরচ বহন করা তাঁর পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না।
এ অবস্থায় সাদিয়ার চিকিৎসার জন্য সহায়তার আবেদন জানানো হয়েছে। এরই অংশ হিসেবে নিজের শখের পোষা কবুতর বিক্রি করে পাওয়া অর্থ তাঁর চিকিৎসা তহবিলে দেওয়ার উদ্যোগ নিয়েছেন তিতুমীর কলেজের শিক্ষক মুহাম্মদ আব্দুল হামিদ।
Leave a comment