বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ‘রাকিব-নাছির’ কমিটি আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা। ফলে যেকোনো সময় সংগঠনটির নতুন কমিটি ঘোষণা হতে পারে বলে আলোচনা চলছে।
তবে নতুন কমিটি নিয়ে বিএনপির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক নির্দেশনা পাননি বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ছাত্রদলের নতুন কমিটি নিয়ে কোনো নির্দেশনা এসেছে কি না—জানতে চাইলে রুহুল কবির রিজভী বলেন, ‘আজকে আমার কাছে এ ধরনের কোনো নির্দেশনা আসেনি। যদি এ ধরনের কোনো সিদ্ধান্ত হয়ে থাকে, তাহলে অবশ্যই আসবে।’
‘রাকিব-নাছির’ কমিটির বিদায় প্রসঙ্গে তিনি বলেন, ‘নিঃসন্দেহে দলের হাইকমান্ড তাঁদের সঙ্গে কথা বলছেন। তাঁদের সঙ্গে কী কথা হয়েছে, কী নির্দেশনা দেওয়া হয়েছে, তা আমি এই মুহূর্তে বলতে পারব না। যদি চূড়ান্ত পর্যায়ের কিছু হয় বা নতুন কোনো সিদ্ধান্ত হয়, তাহলে অবশ্যই প্রেস রিলিজের মাধ্যমে জানানো হবে। এখন পর্যন্ত আমার কাছে কোনো নির্দেশনা আসেনি।’
বিএনপি ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন কমিটি সাধারণত রুহুল কবির রিজভীর স্বাক্ষরে ও দলীয় প্যাডে প্রকাশ করা হয়। এ কারণে ছাত্রদলের নতুন কমিটি নিয়েও তাঁর কাছে জানতে চান সাংবাদিকেরা।
এর আগে বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে ছাত্রদলের কেন্দ্রীয় শীর্ষ নেতাদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শীর্ষ পাঁচ নেতা উপস্থিত ছিলেন।
এদিকে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দায়িত্ব থেকে বিদায়ের কথা জানিয়েছেন। তিনি বলেন, ছাত্রদলের দায়িত্ব থেকে বিদায় নিলেও সংগঠন থেকে নয়। নতুন নেতৃত্বের প্রয়োজন হলে আগের মতোই পাশে থাকার কথাও জানান তিনি।
Leave a comment