নড়িয়া উপজেলায় এক চেয়ারম্যান পদপ্রার্থীর অভিনব প্রচারণাকে ঘিরে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। ঈদের শুভেচ্ছা জানিয়ে দেওয়া একটি ফেস্টুনে একসঙ্গে তিন রাজনৈতিক ব্যক্তিত্বের ছবি ব্যবহার করায় বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চেয়ারম্যান পদপ্রার্থীর নাম ফাহিম হাসান রনি মাঝি। তিনি ঘড়িষার ইউনিয়ন-এর বাসিন্দা এবং একসময় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।
ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে সম্প্রতি যে ফেস্টুন টানানো হয়েছে, সেখানে দেখা যায়—বাম পাশে শেখ মুজিবুর রহমান, ডান পাশে জিয়াউর রহমান , মাঝখানে তারেক রহমান-এর ছবি
ফেস্টুনে নিজেকে নির্দলীয় ও নিরপেক্ষ চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবেও উল্লেখ করেছেন তিনি।
ফেস্টুনটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এটি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। অনেকেই এটিকে “অভিনব রাজনৈতিক প্রচারণা” হিসেবে দেখছেন, আবার কেউ কেউ সমালোচনাও করছেন।
এ বিষয়ে ফাহিম হাসান রনি মাঝি বলেন, তিনি নির্দলীয়ভাবে নির্বাচন করতে চান। তার মতে, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অবদানের কারণে শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমান—দুজনকেই তিনি সম্মান করেন, তাই দুজনের ছবিই ফেস্টুনে রেখেছেন।
তিনি আরও বলেন, তারেক রহমান বর্তমানে দেশের প্রধানমন্ত্রী হওয়ায় তার ছবিও ব্যবহার করা হয়েছে। তার দাবি, কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়, বরং শ্রদ্ধা ও বাস্তবতার কারণেই ছবিগুলো দেওয়া হয়েছে।
Leave a comment