সাকিব,ঈশ্বরগঞ্জ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চালককে ছুরিকাঘাত করে ইজিবাইক ছিনতাইয়ের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী ইজিবাইকচালক রাকিবুল হাসান (২৫) বাদী হয়ে তিনজনকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় মামলা করেছেন।
গ্রেপ্তার দুই আসামি হলেন কিশোরগঞ্জের ভৈরব উপজেলার পঞ্চবটি এলাকার জয়নালের ছেলে অন্তর (২২) ও রফিকুল ইসলামের ছেলে ইয়াছিন (২০)। তাদের সঙ্গে থাকা অপর আসামি ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী গ্রামের নূর মোহাম্মদ মিয়ার ছেলে মারুফ (২২) পলাতক রয়েছেন।
পুলিশ জানায়, শনিবার রাতে উপজেলার সরিষা ইউনিয়নের বৈরাটি এলাকায় এ ঘটনা ঘটে। রোববার (১৩ সেপ্টেম্বর) গ্রেপ্তার দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় ঈশ্বরগঞ্জের বিষ্ণুপুর এলাকার ইজিবাইকচালক রাকিবুল হাসান তার সহযোগী আব্দুল আলীমকে (২৫) সঙ্গে নিয়ে আঠারবাড়ী অটোস্ট্যান্ডে যাত্রীর অপেক্ষায় ছিলেন। এ সময় অভিযুক্তরা ১০০ টাকায় ইজিবাইকটি রিজার্ভ করে আঠারবাড়ী থেকে সোহাগী যাওয়ার কথা বলে যাত্রীবেশে ওঠেন।
ইজিবাইকটি সোহাগীর উদ্দেশে যাওয়ার পথে রাত পৌনে ৮টার দিকে সরিষা ইউনিয়নের বৈরাটি এলাকার রেলক্রসিং সংলগ্ন সড়কে পৌঁছালে যাত্রীবেশে থাকা ব্যক্তিরা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালকের গলায় চাকু ঠেকিয়ে ইজিবাইক থামাতে বলেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।
চালক ইজিবাইক থামাতে রাজি না হলে ইয়াছিন ধারালো চাকু দিয়ে রাকিবুলের বাম হাতে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। পরে তাকে রাস্তার পাশে ফেলে দেওয়া হয়। এ সময় পলাতক আসামি মারুফ চালকের সহযোগী আব্দুল আলীমের গলা চেপে ধরে শ্বাসরোধের চেষ্টা করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, মারুফ আব্দুল আলীমের কাছ থেকে একটি মোবাইল ফোন এবং ইজিবাইকের সামনের ক্যাশবক্সে থাকা নগদ টাকা নিয়ে পালিয়ে যান।
এদিকে অন্তর ও ইয়াছিন ইজিবাইকটি নিয়ে পালানোর সময় চালক ও তার সহযোগীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাদের আটক করেন। এ সময় স্থানীয়দের মারধরে দুই আসামি আহত হন বলে পুলিশ জানিয়েছে।
খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানার এসআই ওয়াজেদ ও সঙ্গীয় পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ইজিবাইকসহ অন্তর ও ইয়াছিনকে উদ্ধার করে থানায় নিয়ে যান।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন বলেন, আসামিদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
Leave a comment