জার্মান দূতাবাসে ভিসার সাক্ষাৎকার দিতে কাতার থেকে দেশে ফেরার পর গ্রেপ্তার হয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মিজানুর রহমান শাহীন। বুধবার ভোরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তার বিরুদ্ধে ঢাকার দোহার থানায় একটি হত্যা মামলা রয়েছে।
পিবিআই জানায়, শাহীন কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশে ফেরেন এবং বিমানবন্দরে নামার পরপরই ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে তাকে পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়। তিনি ঢাকা জেলার নবাবগঞ্জ থানার একটি ব্যাংকের সাবেক শাখা ব্যবস্থাপক এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আপন ভাগনে।
তদন্ত সূত্রে জানা গেছে, গত বছরের ৭ জুলাই শাহীন কাতারে পালিয়ে যান। দেশে ফেরার মূল উদ্দেশ্য ছিল ঢাকায় জার্মান দূতাবাসে ভিসার সাক্ষাৎকারে অংশ নেওয়া। তবে দেশে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার বিবরণ অনুযায়ী, গত ২০ মে রাতে দোহারের শাইনপুকুর এলাকায় পূর্বশত্রুতার জেরে স্থানীয় যুবক রাফি করিমকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের মা আনোয়ার খানম বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে দোহার থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই শাহীন আত্মগোপনে চলে যান এবং পরে কাতারে পাড়ি জমান।
মামলাটি বর্তমানে পিবিআই তদন্ত করছে। তদন্ত কর্মকর্তা পরিদর্শক জামাল উদ্দিন জানান, এ মামলায় এজাহারভুক্ত আসামি শহিদ, টিটু, হুকুম আলী ও আলামিন ইতোমধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। তাদের মধ্যে আলামিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
জবানবন্দিতে বলা হয়েছে, আওয়ামী লীগ সরকারের সময় শাহীন শাইনপুকুর এলাকায় একাধিক দিঘির দখল নেন, যার মধ্যে রাফি করিমের পরিবারের দিঘিও ছিল। পরবর্তীতে রাফি করিম সেই দিঘির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলে শাহীনের নির্দেশে তাকে হত্যার পরিকল্পনা করা হয় এবং আলামিনসহ অন্যরা তাকে কুপিয়ে হত্যা করেন বলে অভিযোগ রয়েছে।
গ্রেপ্তারের পর আদালতে তাকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হলে শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, শাহীনের বিরুদ্ধে এলাকায় প্রভাব খাটিয়ে আধিপত্য বিস্তার এবং অর্থপাচারসহ বিভিন্ন অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে।
Leave a comment